ওয়েব ডেস্ক : রাজস্থানে যাওয়ার জন্য কলকাতা ও সংলগ্ন এলাকার যাত্রীদের কাছে খুলল নতুন রেলপথের সুযোগ। সাঁতরাগাছি থেকে রাজস্থানের খাতিপুরা পর্যন্ত চালু হল সাপ্তাহিক ট্রেন পরিষেবা। দীপাবলির আগে এই নতুন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, আগে জয়পুর যাওয়ার ট্রেন ধরতে কলকাতার বহু যাত্রীকে খড়গপুর পর্যন্ত যেতে হত। নতুন পরিষেবা চালু হওয়ায় সাঁতরাগাছি থেকেই সরাসরি রাজস্থানের উদ্দেশে যাত্রা করা যাবে। দক্ষিণ-পূর্ব রেলের এই উদ্যোগে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
আরও খবর : খাস কলকাতায় বন্দুক দেখিয়ে তিন জনকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ, গ্রেফতার তিন
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেনটি। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ খাতিপুরায় পৌঁছবে। ফিরতি পথে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে জয়পুর থেকে ছেড়ে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছবে ট্রেনটি। ১৬টি এলএইচবি কামরা নিয়ে চলবে এই সাপ্তাহিক ট্রেন। সংরক্ষিত কামরার মধ্যে রয়েছে আটটি স্লিপার, একটি থ্রি-টিয়ার শীতাতপ নিয়ন্ত্রিত এবং তিনটি থ্রি-টিয়ার শীতাতপ নিয়ন্ত্রিত ইকোনমি কামরা।
অনুষ্ঠানে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কলকাতায় তৈরি হয়ে যাওয়া মেট্রোরেকগুলির উদ্বোধন দ্রুত করার আবেদন জানান তিনি। ১৭ থেকে ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, প্রবাসী ভারতীয়দের সম্মেলন এবং বিশ্ব শক্তি সপ্তাহের আগে মেট্রো পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের আমলে আটকে থাকা কাজ বর্তমান রাজ্য সরকার দ্রুত সম্পন্ন করেছে। এ দিন রেলমন্ত্রীর কাছে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ চালুর আবেদনও জানান তিনি।
