জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি, মোদি-শাহকেও ছাড়বেন না! হুঁশিয়ারি রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ থেকে তাঁর দাবি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরতে হবে। শুধু তাই নয়, তাঁর জেলযাত্রাও নিশ্চিত বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে রাহুল জানান, জ্ঞানেশ কুমারের পর তাঁদের বিরুদ্ধেও আইনি বিচার চাইবে বিরোধীরা।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে রাহুল (Rahul Gandhi) বলেন, “এটা মামুলি কোনও চুরি না, এটা দেশের মানুষের কণ্ঠস্বর এবং গণতন্ত্র চুরি। একে বলে দেশদ্রোহিতা।” জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, “জ্ঞানেশ কুমারের সহায়তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।” এই অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও করেন কংগ্রেস নেতা। বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সিবিআই, ইডি সমস্ত কব্জা করে নিয়েছে এরা। এই দেশ আমরা চাই না।”

কংগ্রেস নেতা আরও বলেন, “দু-তিন লোকের দেশ আমরা চাই না। স্বাস্থ্য, শিক্ষা, বিমানবন্দর, রেল, পরিকাঠামো, বিদ্যুৎ সব কিছুর মালিক হবেন। এমন দেশ আমরা চাই না।” দেশকে সঠিক পথে ফেরানোর জন্য প্রথমেই জ্ঞানেশ কুমারকে সরানোর প্রয়োজন বলে দাবি করেন তিনি। এরপর মোদি ও শাহকে উদ্দেশ্য করে বলেন, “জেনে রাখুন, জ্ঞানেশ কুমারের পর আমরা আপনার সামনে গিয়ে দাঁড়াব। আপনাদের বিরুদ্ধেও আইনি বিচার হবে। আমরা ছাড়ব না।”

আরও খবর :  জ্ঞানেশের অপসারণের দাবিতে ‘ইন্ডি’র সভা, পাল্টা পথে বিজেপিও!

রাহুলের অভিযোগ, “মোদি, শাহ, জ্ঞানেশ কুমার দেশের আত্মা, গণতন্ত্র, সংবিধানের উপর আক্রমণ করেছেন।” সঙ্গে বলেছেন, “আমাদের কাছে ধর্মের থেকেও বড় দেশের প্রত্যেক মানুষের কণ্ঠস্বর। আমাদের ধর্ম প্রত্যেক মানুষের কণ্ঠস্বরকে রক্ষা করতে হবে।” ভোটার তালিকার লাইনে যাঁর অবস্থান যেখানেই হোক, তাঁর অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, সেই বার্তা দিয়ে বলেন, “লাইনের শেষে যেই দাঁড়িয়ে থাকুক না কেন, তিনি হিন্দু, মুসলিম, শিখ, আদিবাসী, বিকলাঙ্গ যেই হোন, তাঁর কণ্ঠস্বরকে রক্ষা করতে হবে।”

জ্ঞানেশ কুমারকে নিশানা করে কংগ্রেস নেতার কটাক্ষ, “জ্ঞানেশ কুমার তো রাতে ঘুমোতে পারেন না। খারাপ লাগে। কিন্তু উনি সবচেয়ে বড় অপরাধ করেছেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন। তাই ঘুমোতে পারেন না।” একই প্রসঙ্গে মোদি ও শাহকেও আক্রমণ করে বলেন, “সত্যি বলতে কি, মোদি, শাহ কেউই ঘুমোতে পারেন না।” বক্তব্যের শেষে রাহুল স্পষ্ট করেন, এই লড়াই কোনও একটি রাজনৈতিক দলের নয়, দেশের মানুষের। তাঁর কথায়, “এই দেশের লড়াই, দেশের মানুষের লড়াই।”

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This