ওয়েব ডেস্ক : বছরখানেক আগে গুলিবিদ্ধ হয়ে শিরোনামে এসেছিলেন। এবার রহস্যজনকভাবে মৃত্যু হল সেই পুলিশ আধিকারিক জয়ন্ত পালের। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। তবে নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাঁকুড়া পুলিশ লাইনে ইনস্পেক্টর (ডিআইবি) পদে কর্মরত ছিলেন জয়ন্ত। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি হাওড়ার ঘোষপাড়ার একটি পেট্রল পাম্পে গুলিবিদ্ধ হয়েছিলেন জয়ন্ত। সেই সময় হুগলির চণ্ডীতলা থানার আইসি ছিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও তরুণীর পরিবার সেই পরিচয়ের কথা অস্বীকার করে।
ওই ঘটনার পর কর্তব্যে নিয়মভঙ্গের অভিযোগে জয়ন্তকে সাসপেন্ড করেছিল রাজ্য পুলিশ। পরে সাসপেনশন উঠে গেলে বিভিন্ন থানায় দায়িত্ব সামলান তিনি। সম্প্রতি বাঁকুড়ায় কর্মরত ছিলেন। এবার তাঁর আকস্মিক মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
