ওয়েব ডেস্ক : ট্রেনের কামরায় বসে মোবাইলে জোরে গান শোনা কিংবা স্পিকারে ভিডিয়ো চালানোর অভ্যাস রয়েছে? এবার থেকে এই অভ্যাসের জন্য সমস্যায় পড়তে পারেন আপনিও। সহযাত্রীদের অসুবিধায় ফেলা এবং রেল চত্বরে অশান্তি তৈরির অভিযোগে কড়া পদক্ষেপ করল সাদার্ন, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়ে (Indian Railways)। ট্রেন ও স্টেশনে মোবাইলের স্পিকারে গান বা ভিডিয়ো চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করলে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, রেলকর্মীদের নির্দেশ অমান্য করে একই আচরণ চালিয়ে গেলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড কিংবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা দু’টিই হতে পারে। সম্প্রতি এই বিষয়ে নিজেদের অধীনস্থ বিভাগগুলিকে সতর্ক করেছে দক্ষিণ রেল।
কেন এই পদক্ষেপ?
দক্ষিণ রেলের বক্তব্য, বর্তমানে মোবাইল ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ট্রেনের কামরা ও স্টেশনে স্পিকারে গান, ভিডিয়ো এবং অন্যান্য অডিয়ো চালানোর প্রবণতা বেড়েছে। এর ফলে সহযাত্রীদের বিশ্রাম, স্বাচ্ছন্দ্য এবং যাত্রার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের ট্রেনে যাঁরা বিশ্রাম নিতে চান, তাঁদের কাছে এই ধরনের আচরণ যথেষ্ট বিরক্তিকর হয়ে উঠছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই সমস্যা মোকাবিলায় দক্ষিণ রেলের বাণিজ্যিক বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। রেল বিভাগের তরফে জানানো হয়েছে, ট্রেনের মধ্যে কিংবা রেল চত্বরে মোবাইলের স্পিকারে জোরে গান বা ভিডিয়ো চালানো এবং উচ্চস্বরে ফোনে কথা বলার মতো আচরণ বন্ধ করতে হবে। যাত্রীদের সচেতন করার পাশাপাশি নিয়ম ভাঙলে প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবর : সিইসি বিতর্ক ও এসআইআর নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরোধীরা, আজ ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া জোট
কত টাকা জরিমানা হতে পারে?
দক্ষিণ রেলের নির্দেশ অনুযায়ী, অন্য যাত্রীদের অসুবিধায় ফেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রথম ক্ষেত্রে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে রেল চত্বর বা কামরা থেকে সরিয়েও দেওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে টিকিট বা পাস বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রয়েছে। তবে বারবার একই কাজ করলে শাস্তির মাত্রা বাড়তে পারে। রেলকর্মীর বৈধ নির্দেশ পাওয়ার পরেও কেউ যদি বিরক্তিকর আচরণ বন্ধ না করেন, তাহলে ছয় মাস পর্যন্ত সাধারণ কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে।
কোন আইনে ব্যবস্থা?
দক্ষিণ রেলের নির্দেশিকায় রেলওয়ে আইনের সংশোধিত বিধানের উল্লেখ রয়েছে। রেল চত্বরে অন্যদের অসুবিধায় ফেলা, বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা সহযাত্রীদের স্বাভাবিক যাত্রায় বাধা দেওয়ার মতো আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আইনে। ২০২৬ সালের জন বিশ্বাস সংশোধন আইনের মাধ্যমে সংশ্লিষ্ট বিধানগুলিতে পরিবর্তন আনা হয়েছে । রেলের বাণিজ্যিক বিভাগের অনুমোদিত কর্মীরা, টিকিট পরীক্ষক বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকরা নির্ধারিত বিধি অনুযায়ী জরিমানা করতে পারবেন। ফলে ট্রেনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নির্দেশ অমান্য করে একই আচরণ চালিয়ে যাওয়া যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আগেও ছিল নির্দেশিকা
ট্রেনে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার নির্দেশ একেবারে নতুন নয়। ২০১২ সালের ২৩ জুলাই রেল বোর্ডের তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকায় কামরার মধ্যে উচ্চস্বরে কথা বলা, দীর্ঘক্ষণ ফোনে কথোপকথন চালানো এবং আপত্তিকর রিংটোনের শব্দে অন্য যাত্রীদের অসুবিধার বিষয়টি তুলে ধরা হয়েছিল। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই ধরনের আচরণ যাত্রীদের স্বাচ্ছন্দ্যে প্রভাব ফেলে বলে উল্লেখ করা হয়েছিল।
তখনও যাত্রীদের মোবাইল সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা, রিংটোনের আওয়াজ কমানো এবং ফোনে সংক্ষিপ্তভাবে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে মোবাইল ইন্টারনেটের প্রসার এবং স্পিকারে ভিডিয়ো চালানোর প্রবণতা বাড়ায় এবার সেই নিয়ম কার্যকর করার উপর আরও জোর দিচ্ছে রেলওয়ে।
