ওয়েব ডেস্ক : মন্ত্রিসভায় সম্প্রসারণের কয়েক দিনের মধ্যেই নিজের দলের বিধায়কদের বিদ্রোহের মুখে জম্মু-কাশ্মীরের (Jamu and kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ন্যাশনাল কনফারেন্সের একাংশের বিধায়ক এবার সরাসরি নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার শ্রীনগরে দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে একাধিক দাবি পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিকে সরানো এবং কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়াই তাঁদের অন্যতম প্রধান দাবি।
শুক্রবার সন্ধ্যায় বিধায়ক কাইসার জামশিদ লোনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অন্তত ১৮ জন বিধায়ক উপস্থিত ছিলেন। আরও ছয়জন বিধায়ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়ে তাঁদের সমর্থন জানান বলে সূত্রের খবর। সব মিলিয়ে ২৪ জন বিধায়ক এই অসন্তোষের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে কাশ্মীর উপত্যকা এবং জম্মু অঞ্চলের জনপ্রতিনিধিরাও রয়েছেন।
বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিকে পদ থেকে সরাতে হবে। দ্বিতীয়ত, উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী-সহ কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে। তৃতীয়ত, যাঁরা মন্ত্রিসভায় দু’বছর পূর্ণ করেছেন, তাঁদের সরানোর বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি মন্ত্রিসভার সামগ্রিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের দাবিও জানিয়েছেন তাঁরা। শুধু মন্ত্রী বদল নয়, দলের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং বিধায়কদের আরও ক্ষমতা দেওয়ার দাবিও উঠেছে। সরকারের কাজকর্মে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা।
বৈঠকে উপস্থিত এক বিধায়কের বক্তব্য, নিজেদের দাবি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চান তাঁরা। দলের বিরোধিতা করা তাঁদের উদ্দেশ্য নয়। তবে বর্তমান পরিস্থিতিতে আগের মতো সবকিছু চলতে পারে না। দল ও সরকারের বৃহত্তর স্বার্থে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পরিবর্তনের দাবি বিবেচনা করতে হবে। অন্য এক বিধায়কের দাবি, ন্যাশনাল কনফারেন্সে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা একজোট হয়েছেন। বৈঠকে কয়েকজন প্রবীণ বিধায়ক দলের নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে তাঁদের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই সময় কয়েকজন আবেগপ্রবণ হয়ে পড়েন বলেও জানিয়েছেন ওই বিধায়ক। বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, তাঁদের আন্দোলন দলের ঐক্য নষ্ট করার জন্য নয়, বরং সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে। দল ও সরকার যেন মুষ্টিমেয় কয়েকজনের নিয়ন্ত্রণে না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
উল্লেখ্য, সম্প্রতি ওমর আবদুল্লা তাঁর মন্ত্রিসভায় চারজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছিলেন। দলের অভ্যন্তরে জমে থাকা অসন্তোষ প্রশমিত করতেই এই রদবদল করা হয়েছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু নতুন মন্ত্রিসভা গঠনের পরেও ক্ষোভ কমেনি। বরং একাংশের বিধায়কের অসন্তোষ আরও প্রকাশ্যে চলে এসেছে।
৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক সংখ্যা ৪১। কংগ্রেসের ছয় বিধায়ক, কয়েকটি ছোট দল এবং নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গঠন করেছে তারা। ফলে দলের ২৪ জন বিধায়ক একজোট হয়ে নেতৃত্বের কাছে দাবি জানানোয় ওমর আবদুল্লার সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এরই মধ্যে শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লার দল ছাড়ার সিদ্ধান্ত ন্যাশনাল কনফারেন্সের অস্বস্তি আরও বাড়িয়েছে। সংসদীয় পদ ছাড়ার পাশাপাশি দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আবদুল্লা পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে। এবার দল থেকে বেরিয়ে নিজস্ব রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
