ওয়েব ডেস্ক : প্রতিবাদের নেতৃত্বে এবার তরুণ প্রজন্মকে সামনে আনার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Maidan) বিরোধীদের বিশাল সমাবেশ থেকে স্পষ্ট করে দিলেন, আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব নিতে হবে যুব সমাজকেই। প্রবীণ নেতৃত্ব থাকবে তাঁদের পাশে, পথপ্রদর্শকের ভূমিকায়। মমতার কথায়, ‘‘যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।’’ একই মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও সরব হলেন তৃণমূলনেত্রী। এছাড়া বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি।
ভোটচুরির অভিযোগকে সামনে রেখে রাজধানীতে বিরোধীদের এই প্রতিবাদ কর্মসূচি। দুপুর থেকেই রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ। বিকেলের দিকে মঞ্চে বক্তব্য রাখতে উঠে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।
আরও খবর : জ্ঞানেশের অপসারণের দাবিতে ‘ইন্ডি’র সভা, পাল্টা পথে বিজেপিও!
জ্ঞানেশকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।” সঙ্গে বিজেপিকে আক্রমণ করে বলেছেন বলেছেন, “ওরা কী লুট করেনি? রাম জন্মভূমির টাকা লুট করেছে, ওয়াকফ সম্পত্তিও লুট করেছে। পুলিশ ওদের সহযোগীতে পরিণত হয়েছে। বিজেপির (BJP) নিজেদের কোনও সংগঠন নেই। তাই পুলিশকে দিয়ে দলের কাজ করায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও বিজেপির সঙ্গে কাজ করে না। বিজেপি বিদায় নেবে।”
বাংলার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনেও সরব হন তৃণমূলনেত্রী। বলেছেন “এই এসআইআর প্রক্রিয়ার পরিস্থিতির শিকার বাংলা। আমরা হাল ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দেব, লড়াই করব, কিন্তু আত্মসমর্পণ করব না। ওরা আমাদের বাংলাকে লুট করেছে। আমরা গণতন্ত্রকে রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব। রাজনীতির মাধ্যমে আমরা এর জবাব দেব। গণতান্ত্রিক পদ্ধতিতেই জবাব দেব। আমরা লড়াই চালিয়ে যাব।” এছাড়া বলেছেন, “আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।” তাঁকে এখন গৃহ বন্দি রাখা রাখা হয়েছএ বলেও অভিযোগ করেছেন তিনি।
