চোরবাগানে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপুরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : চোরবাগানের (Chorbagan incident) দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল ম্ডিয়ায় শোকবার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, কলকাতার (Kolkata) এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন সবরকম সাহায্য করছে বলেও জানিয়েছেন মোদি।

এদিকে, রবিবার বাংলায় নির্ধারিত কর্মসূচি পিছিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তাঁর। চোরবাগানের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন শাহ। মৃতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

আরও খবর :  চোরবাগানের ঘটনায় আটক ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। থিমের চেয়ে প্রাণ অনেক গুরুত্বপূর্ণ। তাই দমকল, প্রশাসনের পরামর্শমতো মণ্ডপসজ্জা করুন।” তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, “কালকেই আমরা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখব, তিনি যাতে একজন বর্তমান বিচারপতিকে নিয়োগ করেন। তাঁর তদারকিতেই বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।”

ঘটনার পর পুজো কমিটির সদস্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত পুজোর অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি পাওয়ার প্রার্থনা করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কালীঘাট তৃণমূল। অভিযোগ, দুর্ঘটনার সময় ভিড় সামলানো কিংবা আহতদের হাসপাতালে পৌঁছনোর জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশকর্মী ও অ্যাম্বুল্যান্স ছিল না। স্থানীয় বাসিন্দা এবং পুজো দেখতে আসা মানুষজন আহতদের উদ্ধার করে গাড়িতে হাসপাতালে নিয়ে যান বলেও দাবি করেছে দলটি। বিজেপি-নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে তৃণমূল। দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আমার বংশপরম্পরায় আমিই প্রথম! কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং শুভেন্দু অধিকারীর লজ্জা হওয়া উচিত।”

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This