ওয়েব ডেস্ক : রবিবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ নভেম্বর ব্লু লাইনে মিলবে আংশিক পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে। ফলে ওই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ব্লু লাইনের পরিষেবা।
কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, মহানায়ক উত্তমকুমার ও নেতাজি স্টেশনে পাওয়ার ব্লক এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণেই রবিবার ব্লু লাইনের সম্পূর্ণ পথে ট্রেন চালানো সম্ভব হবে না। ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং আপ লাইনেও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। রবিবারের সূচি অনুযায়ী, সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে। অন্য দিকে, ময়দান থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আংশিক পরিষেবা চালু থাকবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার পরে গোটা ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা।
আরও খবর : রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি! ২৫ বছরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু সরকার
ব্লু লাইনে আংশিক পরিষেবা থাকলেও ইয়েলো লাইনে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। অরেঞ্জ ও পার্পল লাইনে রবিবারের নিয়মিত সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
