ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ছ’টি অভিযোগ সামনে এনে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিরোধী জোট ইন্ডিয়ার (India Bloc) উদ্যোগে আয়োজিত ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচিতে এই অভিযোগগুলি তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ভোটার তালিকা সংশোধন এবং কমিশনের অভ্যন্তরীণ কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন খাড়গে। তাঁর বক্তব্য, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত।
খাড়গের তোলা ছ’টি অভিযোগ হল—
১। জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলিহেলনে জাতীয় ও আঞ্চলিক স্তরে ভোট লুঠের ষড়যন্ত্র করেছেন। বিরোধীদের দাবি, এটি একটি ফৌজদারি অপরাধ।
২। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১৩.২ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে দিয়েছেন বলে অভিযোগ।
৩। সংসদের নজরদারি বা অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এর নিয়ম নতুন করে তৈরি করেছেন বলে অভিযোগ।
৪। ইসিনেট পোর্টালের মাধ্যমে ভোটার তালিকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৫। সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করে নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনারকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রেখেছেন বলে অভিযোগ।
৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করেছেন জ্ঞানেশ কুমার। বিনিময়ে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এবং ভারতীয় নাগরিকদের বিশ্বাসভঙ্গ করেছেন বলে অভিযোগ বিরোধীদের।
আরও খবর : জোশীমঠ কপ্টার দুর্ঘটনার তদন্তে এএআইবি, দেহরাদুনে বিশেষ দল পাঠাল ডিজিসিএ
এই ছ’টি অভিযোগের পাশাপাশি তিন দফা দাবিও জানিয়েছেন খাড়গে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বন্ধ করা এবং ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন সংশোধনের দাবি তুলেছে বিরোধী শিবির।
দিল্লির রাজাজি মার্গে খাড়গের বাসভবনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমার। উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা। বিরোধীদের বক্তব্য, কোনও ব্যক্তিগত বিরোধ নয়, বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
