ওয়েব ডেস্ক : বৃষ্টির বাধায় পিছিয়ে গেল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ঘিরে ইন্ডিয়া জোটের (India Bloc) ‘গণ ইমপিচমেন্ট’ কর্মসূচি। শুক্রবারের পরিবর্তে আগামী শনিবার এই প্রতীকী প্রতিবাদ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। শুক্রবার সকাল ১০টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দিল্লির বাসভবনে কর্মসূচিটি হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে আসছে বিরোধীরা। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং ভোটাধিকার সংক্রান্ত নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ‘গণ ইমপিচমেন্ট’-এর পরিকল্পনা নেওয়া হয়েছিল।
আরও খবর : ৪০ হাজার কোটি টাকার যুদ্ধজাহাজ তৈরির বরাত! ভারতীয় নৌবাহিনীর ৮টি অত্যাধুনিক করভেট তৈরি হবে কলকাতায়ও
প্রস্তাবিত কর্মসূচিতে প্রাক্তন লোকসভা অধ্যক্ষ মীরা কুমারের সভাপতিত্ব করার কথা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন করবেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানবেন বলে পরিকল্পনা রয়েছে। অন্তত ২১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি প্রায় ৩০ জন বক্তার অংশ নেওয়ার কথা। শুধু রাজনৈতিক নেতারাই নন, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং এসআইআর প্রক্রিয়ায় প্রভাবিত হয়েছেন বলে দাবি করা ব্যক্তিরাও তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এই কর্মসূচি কোনও সাংবিধানিক ইমপিচমেন্ট প্রক্রিয়া নয়, বরং বিরোধীদের প্রতীকী রাজনৈতিক প্রতিবাদ।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। ভোট চুরি এবং এসআইআর সংক্রান্ত অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচি। বৃষ্টির কারণে শুক্রবারের কর্মসূচি পিছিয়ে গেলেও বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি আপাতত বহাল রয়েছে।
