ওয়েব ডেস্ক : জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে, ‘ভোটচুরি’ রুখতে রবিবার বিরোধী ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc) ডাকে রামলীলা ময়দান চলো অভিযান। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা। তার আগে নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করল দিল্লি পুলিশ।
বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
৩ হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে রামলীলা ময়দান (Ramlila Maidan) এবং মিছিলের রুটে। থাকবে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী। মোতায়েন থাকবে কেন্দ্রীয় সসস্ত্র বাহিনী। প্রত্যেক পুলিশকর্মীর পোশাকে লাগানো থাকবে ক্যামেরা। ২০০ থেকে ২৫০ উচ্চ ক্ষমতার সিসিটিভি ক্যামেরা থাকবে বিক্ষোভ এবং মিছিলের যাবতীয় রুটে। ক্যামেরা গুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ন্ত্রিত এবং চালিত। ক্যামেরা গুলি বিক্ষোভে অংশগ্রহণকারীদের মুখ চিনতে পারবে এবং স্ক্যান করতে পারবে।
আরও খবর : জোশীমঠ কপ্টার দুর্ঘটনার তদন্তে এএআইবি, দেহরাদুনে বিশেষ দল পাঠাল ডিজিসিএ
পুলিশের কন্ট্রোলরুম থেকে ইঞ্চি ইঞ্চি লাইভ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রামলীলা ময়দানের ১২ একর জমিকে ১৪টি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে গোটা এলাকাকে ৮ বিভাগে ভাগ করা হয়েছে। রামলীলা ময়দানে ঢোকা এবং বেরোনোর জন্য মোট ৮টি গেট তৈরি করা হয়েছে। এর মধ্যে তিনটি গেট থাকবে সাধারণ মানুষের প্রবেশের জন্য। রাহুল গান্ধী, অখিলেশ যাদব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের জন্য থাকছে আলাদা স্বতন্ত্র গেট।
ঢোকার গেটে দুটি স্তরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। এই বেষ্টনী পার করার সময় থাকছে মেটাল ডিটেকটরের গেট, ব্যাগ স্ক্যানার মেশিন, হাত-মেশিনে পরীক্ষার ব্যবস্থা। আপদকালীন পরিস্থিতিতে দ্রুত বেরনোর প্রয়োজনে থাকছে আলাদা রুট এবং নির্দিষ্ট গেট। পুলিশ মনে করছে অন্তত ৫০ হাজার মানুষের জমায়েত হবে রবিবারের বিক্ষোভ কর্মসূচিতে।
