ওয়েব ডেস্ক : স্বাস্থ্য বিমার (Health Insurance) কিস্তি কমায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু চিকিৎসার সময় বিমার সুবিধা কতটা পাওয়া যাবে, তা নিয়ে এবার সামনে এল নতুন প্রশ্ন। খুচরো স্বাস্থ্য বিমায় বাধ্যতামূলক ১০ শতাংশ ‘কো-পেমেন্ট’ চালু করা যায় কি না, তা নিয়ে আলোচনা করছে জেনারেল ইনসিয়োর্যান্স কাউন্সিল!
কো-পেমেন্ট (Co-Payment) চালু হলে কী বদলাবে?
কো-পেমেন্টের অর্থ হল, চিকিৎসার মোট খরচের নির্দিষ্ট অংশ বিমা গ্রাহক নিজে দেবেন এবং বাকি অংশ মেটাবে বিমা সংস্থা। যেমন, কোনও ব্যক্তির হাসপাতালে চিকিৎসার বিল যদি পাঁচ লক্ষ টাকা হয়, তা হলে ১০ শতাংশ কো-পেমেন্টের শর্তে তাঁকে দিতে হতে পারে ৫০ হাজার টাকা। বাকি সাড়ে চার লক্ষ টাকা বিমা সংস্থা বহন করতে পারে। তবে চূড়ান্ত অর্থ নির্ভর করবে পলিসির শর্ত, অনুমোদিত চিকিৎসার খরচ এবং বিমার আওতার উপর।
বিমা সংস্থাগুলির যুক্তি, হাসপাতালের বিলের মধ্যে অপ্রয়োজনীয় পরীক্ষা, অতিরিক্ত পরিষেবা কিংবা আনুষঙ্গিক খরচ যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। গ্রাহককেও খরচের একটি অংশ বহন করতে হলে চিকিৎসার ব্যয় সম্পর্কে সচেতনতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রবীণদের উপর বেশি চাপ পড়ার আশঙ্কা
স্বাস্থ্য বিমার খরচ সাধারণত বয়স ও পলিসির শর্তের সঙ্গে বদলায়। প্রবীণ নাগরিক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন বেশি হতে পারে। তাঁদের ক্ষেত্রে বাধ্যতামূলক কো-পেমেন্ট চালু হলে বিমার কিস্তি দেওয়ার পাশাপাশি চিকিৎসার সময়ও উল্লেখযোগ্য অঙ্কের টাকা জোগাড় করতে হতে পারে। ফলে সঞ্চয়ের উপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
