ওয়েব ডেস্ক : সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো (Ajit Mahato)। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বন দপ্তরে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে চার দফায় টাকা নিয়েছিলেন তিনি। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করার কথা।
ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাসের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। তাঁর দাবি, রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলে তাঁকে চাকরির আশ্বাস দিয়েছিলেন অজিত মাহাতো। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে মোট চার দফায় ১০ লক্ষ টাকা দেন তিনি।
সজলের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। এরপর টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর কাছে আরও ২ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ। একইভাবে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আরও কয়েকজন বেকার যুবকের কাছ থেকেও অর্থ নেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কারা জড়িত এবং একই কায়দায় আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
