ওয়েব ডেস্ক : আট বছরের পুরনো ফৌজদারি মানহানির মামলায় ইউটিউবার ও সমাজমাধ্যমের পরিচিত মুখ ধ্রুব রাঠির (Dhruv Rathee) বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির আদালত (Delhi Court)। শনিবার সাকেত আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই নির্দেশ দেন। আগের পরোয়ানা অস্ট্রিয়ার ভুল ঠিকানায় পাঠানো হয়েছিল। ফলে তা কার্যকর করা সম্ভব হয়নি। আদালত জানিয়েছে, ধ্রুব রাঠির গুরুগ্রামের ঠিকানায় নতুন করে পরোয়ানা পাঠাতে হবে। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংস্কৃত্যায়ন। ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে অভিযোগ করা হয়েছিল, বিজেপির আইটি সেলের সদস্যরা বিকাশকে ঘুষ দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিলেন। এই অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বিকাশ।
আরও খবর : জোশীমঠ কপ্টার দুর্ঘটনার তদন্তে এএআইবি, দেহরাদুনে বিশেষ দল পাঠাল ডিজিসিএ
২০১৮ সালে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাগ করে নেওয়ায় সেটি ব্যাপক আলোচনায় আসে। ধ্রুব রাঠি ও কেজরিওয়াল, দু’জনের বিরুদ্ধেই মানহানির মামলা করেন অভিযোগকারী। পরে ভিডিওটি ভাগ করে নেওয়াকে ভুল বলে আদালতে স্বীকার করেন কেজরিওয়াল। তবে ভিডিওটির নির্মাতা ও প্রকাশক হিসেবে ধ্রুব রাঠির বিরুদ্ধে মূল মামলার শুনানি চলতে থাকে। ২০১৯ সালের ২৩ জুলাই প্রথম সমন জারির পর থেকেই তাঁর উপস্থিতি নিশ্চিত করতে একাধিকবার চেষ্টা করেছে আদালত।
শনিবারের শুনানিতে অভিযোগকারীর আইনজীবী জানান, ধ্রুব রাঠি ভারত ছেড়ে বিদেশে রয়েছেন এবং সাধারণত জার্মানিতে থাকেন। তবে সম্প্রতি ককরোচ জনতা পার্টির একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন বলে দাবি করা হয়। সেই সূত্রে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার একটি ঠিকানা আদালতে দেওয়া হয়েছিল। আগের পরোয়ানা কার্যকর না হওয়ায় এবার নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করল আদালত।
