দিল্লিতে দূষণ রুখতে প্রথম দিনেই কড়া পদক্ষেপ, জরিমানা ৬৮.৪ লক্ষ টাকা! আটক একাধিক গাড়ি

Must Read

ওয়েব ডেস্ক : শীতের শুরুতেই দিল্লির বায়ুদূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল প্রশাসন। শীতকালীন অ্যাকশন প্ল্যানের (Delhi Winter Action Plan) প্রথম দিনেই বিভিন্ন নিয়ম ভাঙার অভিযোগে মোট ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা ও পরিবেশগত ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১৪ হাজার ৯৩০টি গাড়ি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫৩৯টি গাড়িকে দিল্লির সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পিইউসি না থাকায় ৫৬৬টি চালানও কাটা হয়েছে। পাশাপাশি নির্মাণস্থলে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম ভাঙার অভিযোগে একাধিক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনিক হিসাব অনুযায়ী, মোট জরিমানা ও ক্ষতিপূরণের মধ্যে পিইউসি সংক্রান্ত নিয়ম ভাঙায় আদায় হয়েছে ৫৬.৬ লক্ষ টাকা। দিল্লিতে প্রবেশের বিধিনিষেধ অমান্য করায় জরিমানা হয়েছে ২ লক্ষ টাকা। অন্যদিকে, নির্মাণ ও ভাঙার কাজ থেকে ছড়ানো ধুলো নিয়ন্ত্রণে নিয়ম না মানায় ৯.৮ লক্ষ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ এবং পরিবহণ দফতরের যৌথ অভিযানে বিএস-৬ মানের আগের দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তির গাড়িগুলির উপর বিশেষ নজর রাখা হয়। এই অভিযানে ১২৭টি চালান কাটার পাশাপাশি ৬২টি গাড়ি আটক করা হয়েছে। সিএনজি, বৈদ্যুতিক গাড়ি এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনকে অবশ্য এই বিধিনিষেধ থেকে ছাড় দেওয়া হয়েছে।

আরও খবর :  অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ, আবেদনকারী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে : সুপ্রিম কোর্ট

এদিকে, পিইউসি শংসাপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে পৃথক অভিযানে ৫৬৬টি চালান কেটেছে প্রশাসন। এর মধ্যে দিল্লি ট্রাফিক পুলিশ ৪৯৩টি চালান কেটে ৪৯.৩ লক্ষ টাকা জরিমানা করেছে। পরিবহণ দফতরের তরফে ৭৩টি চালান কেটে আদায় হয়েছে ৭.৩ লক্ষ টাকা। পাশাপাশি নির্মাণ ও ভাঙার কাজ চলা ৩০০টি জায়গা পরিদর্শন করেন আধিকারিকরা। তার মধ্যে ৩২টি জায়গায় ধুলো নিয়ন্ত্রণের নিয়মে অনিয়ম ধরা পড়েছে। বড় নির্মাণস্থলগুলির মধ্যে ১৬টি এবং ছোট জায়গাগুলির মধ্যে ১৭টিতে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ১৭টি কাজ বন্ধের নির্দেশ এবং ১৯টি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা সোশ্যাল মিডিয়ায় অভিযানের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তাঁর বক্তব্য, গাড়ির প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ, পিইউসি শংসাপত্র এবং নির্মাণস্থলের ধুলো নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসনের দল। শীতকালীন অ্যাকশন প্ল্যান অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়সীমায় একাধিক বিধিনিষেধ কার্যকর থাকবে। ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লির বাইরে নথিভুক্ত বিএস-৬-এর আগের গাড়ি রাজধানীতে ঢুকতে পারবে না। এছাড়া নির্দিষ্ট জরুরি পরিকাঠামো প্রকল্প ছাড়া ধুলো তৈরি হয় এমন ভাঙার কাজ ও বাইরের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ রয়েছে। ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট ছাড় বাদে নির্মাণ ও ভাঙার কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও অনুমোদিত বেসরকারি পার্কিংয়ের ফি দ্বিগুণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসেও ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। বাকি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। জরুরি পরিষেবাগুলি এই নিয়মের বাইরে থাকবে।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This