ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সমাবেশকে কেন্দ্র করে প্রায় ১১ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি করল ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)! সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়ালের দাবি, ১ নভেম্বরের সমাবেশের জেরে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ বাজারে ব্যবসায়িক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে যায়। দিওয়ালির আগে কেনাকাটার ব্যস্ত সময়ে এই পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সিটিআইয়ের দেওয়া হিসাব অনুযায়ী, রামলীলা ময়দান থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বিভিন্ন বাজারে প্রায় তিন লক্ষ দোকান রয়েছে। তার মধ্যে প্রায় আড়াই লক্ষ দোকান সেদিন সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে সংশ্লিষ্ট বাজারগুলিতে প্রায় ৮০ শতাংশ ব্যবসায়িক কাজকর্ম থমকে যায়। খুচরো ও পাইকারি ব্যবসায় ক্ষতির পরিমাণ প্রায় ৮,৮০০ কোটি টাকা বলে দাবি সংগঠনের। কাশ্মীরি গেট, মোরি গেট, চাঁদনি চক, চাওড়ি বাজার, খারি বাওলি, নয়াবাজার, সদর বাজার, আজমেরি গেট, দরিয়াগঞ্জ, পহাড়গঞ্জ, কনট প্লেস এবং করোলবাগের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে দোকান বন্ধ থাকার কথা জানিয়েছে সিটিআই।
আরও খবর : অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ, আবেদনকারী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে : সুপ্রিম কোর্ট
ব্যবসায়ী সংগঠনটির আরও দাবি, পণ্য পরিবহণ ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিবহণ এবং লজিস্টিক ক্ষেত্রে প্রায় ১,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। রামলীলা ময়দানের চারপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় পণ্য চলাচল বন্ধ বা ব্যাহত হওয়ার প্রভাব পড়ে ব্যবসায়। পাশাপাশি হোটেল, রেস্তরাঁ, অতিথিশালা এবং পর্যটন ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে জানিয়েছে সংগঠন। সিটিআইয়ের দাবি, মধ্য দিল্লির দুই হাজারেরও বেশি হোটেল, রেস্তরাঁ, অতিথিশালা ও ধাবায় বুকিং বাতিল হয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং দিনমজুররা, দাবি সিটিআইয়ের। সংগঠনের হিসাব অনুযায়ী, শ্রমিক, পণ্য ওঠানো-নামানোর কর্মী, অটো ও ই-রিকশাচালক, হকার, কুলি-সহ প্রায় ২০ লক্ষ মানুষ এক দিনের রোজগার হারিয়েছেন। তাঁদের সম্মিলিত আয়হানির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। সমাবেশের আগে বিরোধী নেতাদের, এমনকী রাহুল গান্ধীকেও চিঠি দিয়ে কর্মসূচি দীপাবলির পরে করার আবেদন জানিয়েছিল ব্যবসায়ী সংগঠনটি। অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে দোকান বন্ধ থাকার জন্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপি জোর করে রাজধানীর দোকানগুলি বন্ধ করেছিল। সমাবেশে যোগ দিতে আসা মানুষদের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটার আবেদনও জানিয়েছিলেন তিনি।
