চোরবাগানের ঘটনায় আটক ১২

Must Read

ওয়েব ডেস্ক : উৎসবের সন্ধ্যা মুহূর্তে পরিণত হল শোকের রাতে। চোরবাগানের (Chorbagan) দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় এখন তদন্তের কেন্দ্রে ভিড় ব্যবস্থাপনা ও নিরাপত্তার প্রশ্ন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ১৯। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার প্রকৃত কারণ জানতে কলকাতা পুলিশের তদন্ত চলছে। ইতিমধ্যেই ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সপ্তমীর সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মাইকে ঘোষণা হওয়ার পর আচমকাই মণ্ডপে হুড়োহুড়ি শুরু হয়। বেরনোর পথে কয়েকজন পড়ে যাওয়ার পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। সেই বিশৃঙ্খলার মধ্যেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আরও খবর :  পুজোর চার দিন বৃষ্টির ভ্রুকুটি নেই? দক্ষিণবঙ্গে স্বস্তির পূর্বাভাস, উত্তরেও বদলাবে আবহাওয়া

ঘটনার খবর পেয়ে প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। মণ্ডপ তৈরির ক্ষেত্রে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, ভিড় সামলানোর যথাযথ ব্যবস্থা ছিল কি না এবং প্রবেশ ও প্রস্থানের পথে কোনও সমস্যা তৈরি হয়েছিল কি না, তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচারবিভাগীয় তদারকিতে বিশেষ তদন্তকারী দল গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। থিমের চেয়ে প্রাণ অনেক গুরুত্বপূর্ণ। তাই দমকল, প্রশাসনের পরামর্শমতো মণ্ডপসজ্জা করুন।” তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, “কালকেই আমরা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখব, তিনি যাতে একজন বর্তমান বিচারপতিকে নিয়োগ করেন। তাঁর তদারকিতেই বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।”

মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রত্যেক পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। পাশাপাশি, রবিবার কলকাতার একাধিক নামী পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে একটি বিশেষ দল পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

 

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This