সুপ্রিম কোর্টের ভর্ৎসনার ফল? ক্যানসারের ওষুধের দাম কমল ৯৩ শতাংশ পর্যন্ত!

Must Read

ওয়েব ডেস্ক : ক্যানসারের (Cancer) চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষের (এনপিপিএ) প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, কিছু জেনেরিক ও বায়োসিমিলার ওষুধের দাম (Medicines Price) কমেছে সর্বোচ্চ ৯৩ শতাংশ পর্যন্ত। ১৩৭টি নন-শিডিউলড ক্যানসারের ওষুধে পাইকারি ও সরবরাহকারী স্তরের মুনাফার সীমা ৩০ শতাংশ বেঁধে দেওয়ার পর এই পদক্ষেপ করা হয়েছে। নতুন দাম কার্যকর হবে ৯ নভেম্বর থেকে।

তবে সব ওষুধের ক্ষেত্রে মিলছে না একই রকম স্বস্তি। তালিকায় থাকা অন্তত ৬৫টি অত্যন্ত দামি ক্যানসারের ওষুধের দাম অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে যে ওষুধের একটিমাত্র সরবরাহকারী রয়েছে বা বিকল্প ব্র্যান্ডের প্রতিযোগিতা কম, সেগুলির দাম কমানোর সুযোগ সীমিত। ফলে কিছু রোগীর চিকিৎসার খরচ অনেকটা কমলেও, অন্যদের ক্ষেত্রে খরচ আগের মতোই থাকতে পারে।

আরও খবর :  এপস্টেইন বিতর্কের মধ্যেই হরদীপ সিং পুরীকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি, মধ্যপ্রদেশ থেকে প্রার্থী ঘোষণা

জেনেরিক ওষুধের ক্ষেত্রে দামের পতন উল্লেখযোগ্য। স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত প্যালবোসিক্লিবের একটি ব্র্যান্ডের ১২৫ মিলিগ্রামের ২১ ক্যাপসুলের প্যাকের দাম ৪০ হাজার ৪২১ টাকা থেকে কমে ২ হাজার ৭২০ টাকা হয়েছে। প্রোস্টেট ক্যানসারের ওষুধ অ্যাবিরাটেরোন অ্যাসিটেটের একটি ব্র্যান্ডের ১২০ ট্যাবলেটের প্যাকের দাম ২৮ হাজার টাকা থেকে নেমে হয়েছে ৪ হাজার ৮৪০ টাকা। একইভাবে, অ্যানাস্ট্রোজল ও বেভাসিজুমাবের কয়েকটি ব্র্যান্ডেও বড় অঙ্কের দাম কমেছে।

অন্যদিকে, ক্যানসার ইমিউনোথেরাপিতে ব্যবহৃত কিট্রুডার ১০০ মিলিগ্রামের ভায়ালের দাম ২ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকাতেই রয়েছে। ফুসফুসের নির্দিষ্ট ধরনের ক্যানসারে ব্যবহৃত ট্যাগ্রিসোর দামও অপরিবর্তিত। ওষুধের প্রস্তুতকারক সংস্থার নির্ধারিত মূল্যের উপর সরাসরি নিয়ন্ত্রণ না থাকায়, সরবরাহকারীদের মুনাফার সীমা বেঁধে দিলেও সব ওষুধের দাম কমানো সম্ভব হচ্ছে না।

সম্প্রতি সুপ্রিম কোর্টও ক্যানসারের ওষুধের দামে বিপুল ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিল। আদালতে এমন একটি ইঞ্জেকশনের প্রসঙ্গ ওঠে, যা সরবরাহকারীর কাছ থেকে ১১ হাজার টাকায় কেনা হলেও একটি বেসরকারি হাসপাতাল তার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নিচ্ছিল বলে অভিযোগ। ফলে শীর্ষ আদালতের এই ভর্ৎসনার কারণেই কি এই দাম কমেছে?

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This