রামলীলা ময়দানের সমাবেশের আগে রাহুলকে তীব্র আক্রমণ নাড্ডার

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের (India Bloc) সমাবেশের আগে কংগ্রেস ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। রবিবার বিরোধীদের ‘চলো দিল্লি’ কর্মসূচিকে নিশানা করে তিনি বলেন, ভারত কোনও ‘কলা প্রজাতন্ত্র’ নয়, যেখানে ইচ্ছেমতো অশান্তি ও হিংসা ছড়ানো যায়। তাঁর অভিযোগ, গণতন্ত্র রক্ষার কথা বলে বিরোধীরা দেশে বিশৃঙ্খলা তৈরি, অর্থনীতির ক্ষতি এবং নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাহুল গান্ধীর রাজনৈতিক কৌশল নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।

নাড্ডার অভিযোগ, বিরোধীদের এই সমাবেশের পিছনে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর দাবি, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো থেকে শুরু করে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। নাড্ডার বক্তব্য, ওই দাঙ্গার ঘটনায় ক্ষতিগ্রস্ত শিখ পরিবারগুলির কাছে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত ছিল। দাঙ্গার বর্ষপূর্তির দিনে বিরোধীদের সমাবেশ আয়োজন নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি।

আরও খবর :  ‘আমরা নিরপেক্ষ, স্বাধীন পরিচয় বজায় রাখতে চাই’, মমতার সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অভিজিৎ

অন্যদিকে, ইন্ডিয়া জোটের (India Bloc) দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই তাদের আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে বিরোধী শিবির। হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, দিল্লির সমাবেশে যোগ দিতে যাওয়া তাঁদের রাজ্যের সমর্থকদের বাস বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বিরোধীদের দাবি, ভোটপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতেই এই কর্মসূচি।

এদিকে, বিরোধীদের সমাবেশের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। ১৯৮৪ সালের দাঙ্গায় নিহতদের স্মরণে পশ্চিম দিল্লিতে পদযাত্রার আয়োজন করেছে দল। পাশাপাশি মুম্বইয়ে বিজেপি ও মহাযুতি জোটের তরফে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় চার হাজারের বেশি কর্মী দায়িত্বে রয়েছেন।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This