ভুটানে হিমবাহের হ্রদে বিপর্যয়, উত্তরবঙ্গ ও অসমে বন্যার আশঙ্কা! ১০ হাজারের বেশি মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে

Must Read

ওয়েব ডেস্ক : ভুটানে (Bhutan) হিমবাহের হ্রদ (Glacial Lake) থেকে আচমকা বিপুল জলরাশি বেরিয়ে আসায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গ (North Bengal) ও অসমে (Assam)। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উত্তরবঙ্গের একাধিক এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সংকোশ নদী ও তার শাখা নদীর আশপাশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় ও ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

ভুটানের গাসা জেলার লেমথাং এলাকায় হিমবাহের হ্রদে জল উপচে এই বিপর্যয় ঘটে। প্রবল জলস্রোত মো ছু নদী দিয়ে সঙ্কোশ নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এর জেরে নদী সংলগ্ন এলাকায় জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভুটানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাসা ছাচু এলাকার পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের অন্ধকার এবং জলের প্রবল স্রোতের কারণে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও পাওয়া যায়নি। অন্তত দুটি অস্থায়ী বেইলি সেতু ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। লায়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাও ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গের একাধিক এলাকায় সতর্কতা

পরিস্থিতির দিকে নজর রেখে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সঙ্কোশ নদী এবং তার উপনদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়ে নদীর অববাহিকা এলাকার মানুষকে দ্রুত নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আবেদন করেছেন।

রাজ্য মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ভুটানের হ্রদ থেকে বেরিয়ে আসা জল মো ছু নদী হয়ে সঙ্কোশের দিকে এগোচ্ছে। এই জল সমতলে পৌঁছনোর সম্ভাবনা থাকায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক করা হয়েছে।

আরও খবর :  ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোনের হামলা, নিহত অন্তত ১৩

প্রশাসনের তৎপরতা, সরানো হচ্ছে বাসিন্দাদের

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভুটানের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ, জেলাশাসকের দফতর এবং ব্লক প্রশাসন যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখছে। ইতিমধ্যেই প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষকে স্কুলবাড়িতে তৈরি ত্রাণশিবিরে রাখা হয়েছে। আরও ৬ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

এলাকায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসিন্দাদের জন্য পানীয় জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর দাবি, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জলের স্রোতের তীব্রতা কিছুটা কমেছে। তবে সংকোশ নদী ব্যবস্থায় লাল সতর্কতা জারি রয়েছে।

কী এই হিমবাহ হ্রদ বিস্ফোরণ?

হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদের জল আটকে রাখার প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আচমকা বিপুল পরিমাণ জল নীচের দিকে নেমে আসে। এই ঘটনাকে বলা হয় হিমবাহ হ্রদ বিস্ফোরণ বা গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। পাহাড়ি নদীপথে এই জলস্রোতের সঙ্গে পাথর, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষও নেমে আসতে পারে। ফলে রাস্তা, সেতু এবং জনবসতির ক্ষতির আশঙ্কা থাকে। ভুটানের এই ঘটনায় এখন নজর উত্তরবঙ্গ ও অসমের নদী সংলগ্ন এলাকাগুলির দিকে।

Latest News

বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম, লিটারপ্রতি কত খরচ বাড়বে?

ওয়েব ডেস্ক : দুধ (Milk) কিনতে গিয়ে এবার বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। এক ধাক্কায় লিটারপ্রতি ২ থেকে ৪...

More Articles Like This