ভুটানে হিমবাহ হ্রদ ফেটে হড়পা বান! বড় বিপদ থেকে রক্ষা উত্তরবঙ্গ, কী বললেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : ভুটানে হিমবাহ হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলেও আপাতত বড় বিপদ কাটল উত্তরবঙ্গে। সময়মতো সতর্কতামূলক পদক্ষেপ এবং প্রশাসনের তৎপরতায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নিখোঁজ হওয়ার যে খবর পাওয়া গিয়েছিল, তারও নিষ্পত্তি হয়েছে। মোট ৪৭ জনের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন।

শুক্রবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর দরবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার আগে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর চারটে পর্যন্ত পরিস্থিতির উপর নজর রেখেছিলেন পুলিশ সুপার, মন্ত্রী ও বিধায়কেরা। নবান্নের কন্ট্রোলরুমের সঙ্গেও লাগাতার যোগাযোগ রাখা হয়েছিল। তাঁর কথায়, সংকোশ নদী এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে।

আরও খবর :  ভুটানে হিমবাহের হ্রদ ফেটে বন্যার আশঙ্কা! সারারাত জাতীয় সড়কে কাটালেন অনেকে, জলস্তর স্বাভাবিক হতেই ঘরে ফিরছেন বাসিন্দারা

কীভাবে তৈরি হল বিপর্যয়ের আশঙ্কা?

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলার শিন্তাফু হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যায়। হিমবাহের বরফ গলে তৈরি হওয়া ওই হ্রদের জল বাঁধ ভেঙে বেরিয়ে আসায় তৈরি হয় হড়পা বানের পরিস্থিতি। রাতের অন্ধকারে জলের তোড়ে গাসা তশাচুর এলাকার একাধিক নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়। হ্রদের জল ভুটানের মফু নদী হয়ে সংকোশ নদীর দিকে নামতে শুরু করে। ফলে অসম ও পশ্চিমবঙ্গের একাংশে বন্যার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভুটান সরকার পশ্চিমবঙ্গ ও অসম প্রশাসনকে সতর্ক করে।

সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে আলিপুরদুয়ারের অন্তত ১২ হাজার বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থাও করা হয়। প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে আপাতত স্বস্তি উত্তরবঙ্গে।

Latest News

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায়...

More Articles Like This