ওয়েব ডেস্ক : দু’দিন কিছুটা কম থাকার পর ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির (Rain) পরিমাণ বাড়তে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শ্রীগঙ্গানগর থেকে নিম্নচাপ এলাকার উপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে ত্রিপুরা পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। একইসঙ্গে রাজস্থান থেকে মণিপুর এবং গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত আরও দুটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতেই আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও খবর : দল বদলেছেন, বদলায়নি ফেসবুক! মমতার সঙ্গে ভিডিয়ো এখনও পিনড, সায়নীকে ঘিরে তুঙ্গে জল্পনা
রবিবার কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও বদলাতে পারে। ওইদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত স্বস্তির সম্ভাবনা নেই। সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি।
