ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা ফের বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। তবে সেটি ঠিক কখন স্থলভাগে প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপের গতিপথ ও শক্তির পরিবর্তনের উপর নজর রাখছেন আবহবিদরা।
ইসরোর ইনস্যাট-৩ডিএস উপগ্রহের ছবিতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান-নিকোবর সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপের চিহ্ন ধরা পড়েছে। শুক্রবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি। এরপর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করছে সেটি। ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তির মতে, আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
আরও খবর : জনতার ইমপিচমেন্টে জ্ঞানেশের বিরুদ্ধে ৬ চার্জ
নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়বৃষ্টি হতে পারে। বাংলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী চার-পাঁচ দিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে।
