মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম আগুন! পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম

Must Read

কলকাতা: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে (Petrol Price Hike)। তার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে (Pakistan)। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা সে দেশে ফের এক ধাক্কায় বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের (Diesel) দাম, যার জেরে সাধারণ মানুষের উপর বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।

সরকারি ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে কার্যকর হয়েছে নতুন দর। এক লাফে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৪.৯ শতাংশ। ফলে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০.৩৫ পাকিস্তানি রুপি। অন্যদিকে, পেট্রোলের দাম বেড়েছে ৪২.৭ শতাংশ, যার ফলে প্রতি লিটার পেট্রোল এখন বিক্রি হচ্ছে ৪৫৮.৪০ রুপিতে। গত এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি।

আরও পড়ুন: ইরান যুদ্ধের মাঝেই সেনা প্রধান সরালেন ট্রাম্প!

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, মার্কিন-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে জ্বালানির দাম বাড়ানো ছাড়া আর কোনও বিকল্প ছিল না বলেই দাবি তাঁর। এর আগেও গত মাসে প্রায় ২০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তান মূলত আমদানিকৃত তেলের উপর নির্ভরশীল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা তেলের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে এই সরবরাহ ব্যবস্থায় সামান্য ব্যাঘাত ঘটলেই তার সরাসরি প্রভাব পড়ে পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে। আন্তর্জাতিক অস্থিরতার জেরে তেলের দামের এই ঊর্ধ্বগতি পাকিস্তানের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে নতুন করে সংকটের ছায়া ফেলছে।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This