ওয়েব ডেস্ক: অন্তরালে থেকেই যুদ্ধের কলকাটি নাড়ছেন ইরানের (Iran) নয়া সুপ্রিম লিডার লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। গোটা বিশ্ব যখন জ্বালানির জ্বালায় জ্বলছে তখন তিনি জানিয়েছেন কোনও ভাবেই হরমুজ (Strait of Hormuz) খোলা হবে না! ইরানের সরকারি সংবাদমাধ্যমে এই বিবৃতি প্রকাশ্যে আসার পরই মোজতবার উদ্দেশে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (benjamin Netanyahu)। জানালেন, রেয়াত পাবেন না মোজতবা। ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলবে ইজরায়েল। পাশাপাশি, তাঁকে রেভোলিউশনারি গার্ড কর্পসের (IRGC) পুতুল বলে কটাক্ষ করেন তিনি।
এদিন যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান প্রত্যাশার চেয়েও সফল হয়েছে। ইজরায়েল এখন আগের চেয়েও বেশি শক্তিশালী। ইরানের সুপ্রিম লিডারকে কোনওভাবেই রেয়াত করা হবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার কোনও জীবনবিমা নেই। ওই অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। রাস্তায় ও চেকপয়েন্টে আইআরজিসি ও বাসিজ বাহিনীর বিরুদ্ধে অভিযান চলছে।”
আরও পড়ুন: নরেন্দ্র মোদির ইজরায়েল সফর: ধারাবাহিকতা, আত্মবিশ্বাস এবং কৌশলগত ভারসাম্য
নয়া সুপ্রিম লিডারকে কটাক্ষ করে নেতানিয়াহু বলেন, “খামেনেই আসলে আইআরজিসির পুতুল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তিনি প্রকাশ্যে কোথাও দেখা দিতেও পারছেন না।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মোজতবার স্ত্রী এবং আট বছরের পুত্রের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। সেই হামলায় মোজতবাও গুরুতর আহত হয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দাবি করা হয়েছে, তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং একটি পা হারিয়েছেন। এছাড়াও তাঁর যকৃৎ ও পাকস্থলীতেও গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তেহরানের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে ইরানের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে নেতানিয়াহু বলেন, “বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত খুব কাছে। আপনারা স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারেন। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু শেষ আঘাতটা আপনাদেরই করতে হবে।”
তবে ইরানের শাসন ব্যবস্থা বদলাতে ইজরায়েল সরাসরি পদক্ষেপ করবে কি না, সেই প্রশ্নে নেতানিয়াহু বলেন, “কাউকে আমরা পথ দেখাতে পারি, কিন্তু কাউকে জোর করে জল পান করাতে পারি না।” একইসঙ্গে তিনি দাবি করেন, “যে পরিস্থিতিই হোক, ইরান আর আগের মতো থাকবে না। মধ্যপ্রাচ্যও আগের মতো থাকবে না।”
অন্যদিকে আড়াল থেকেই প্রথমবার ভাষণ দিয়েছেন ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালী খোলার কোনও প্রশ্নই নেই। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। না হলে সেখানে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। শত্রুদের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ নেওয়া হবে বলেও দাবি করেছেন মোজতবা।
