29 C
Kolkata

এলপিজি সঙ্কটে বন্ধ ট্রলার-মিড ডে মিল, সংসদে বিক্ষোভে তৃণমূল

Must Read

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি গ্যাসের সঙ্কট (LPG gas shortage) দেখা দিয়েছে৷ যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে দেশীয় এলপিজি যথেষ্ট পরিমাণ রয়েছে এবং রান্নার গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও এলপিজি নিয়ে রাজ্যে সমস্যা অব্যাহত। অভিযোগ, গ্যাস বুক করার পরেও সিলিন্ডার মিলছে না। কোথাও কোথাও গ্যাস বুকিং করাই যাচ্ছে না। গ্যাসের অভাবে ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা। স্কুলে মিড ডে মিল রান্না করতে হচ্ছে কাঠের উনুনে। ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।বাণিজ্যিক গ্যাসে কালোবাজারির অভিযোগও উঠছে। সিলিন্ডার না পাওয়ায় একাধিক জায়গায় মা ক্যান্টিন বন্ধ করে দিতে হয়েছে বলে খবর। এলপিজি-র আকালে সার্বিক উদ্বেগ নিয়ে শুক্রবার সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল (TMC Protest in Parliament)।

দু’দিন আগেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল, গ্যাস সরবরাহের সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। বুকিংয়ের পর আড়াই দিনের মধ্যেই রান্নার গ্যাস মিলবে। লোকসভা চত্বরে তৃণমূলের মহিলা সাংসদেরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দাবি করলেও বাস্তবে আড়াই দিনের মধ্যে গ্যাস সরবরাহ হচ্ছে না। বরং বুকিংয়ের পর আট থেকে দশ দিন অপেক্ষা করেও সিলিন্ডার পাচ্ছেন না বহু মানুষ।বিক্ষোভে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, মিতালী বাগ, জুন মালিয়া, দোলা সেন, শতাব্দী রায় এবং মালা রায়। সাংসদ মিতালী বাগ বলেন, হঠাৎ করেই বাজার থেকে এলপিজি গ্যাস প্রায় উধাও হয়ে গিয়েছে।
আরামবাগের সাংসদ মিতালী বলেন, ‘‘যে ভাবে হঠাৎ করে এলপিজি গ্যাস গায়েব হয়ে গেল, তাতে মানুষের হেঁশেলে নাভিশ্বাস উঠছে। মিড ডে মিল থেকে শুরু করে বাড়ির রান্না, সব বন্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে আসছেন না। তাই আমরা সংসদের বাইরে প্রতিবাদ করছি।

আরও পড়ুন: ‘মহিলাদের এর পরে কেউ নিয়োগ করবে না…’, পিরিয়ড লিভ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, বসিরহাট পুর এলাকার পুরাতন বাজারে মা ক্যান্টিন তিন দিন ধরে বন্ধ রয়েছে গ্যাসের অভাবে। প্রতিদিন কয়েকশো মানুষ এখান থেকে স্বল্পমূল্যে খাবার পান। গ্যাস সরবরাহ না থাকায় পরিষেবা বন্ধ রাখতে হয়েছে বলে জানা গেছে।স্কুলগুলিতেও পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। একাধিক সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল তৈরির জন্য কাঠের চুলা ব্যবহার করতে হচ্ছে। কালোবাজারি নিয়েও অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। জয়নগরে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অবৈধভাবে অটোতে গ্যাস ভরার ঘটনা সামনে এসেছে। হুগলির শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরেও গ্যাস সঙ্কটের প্রভাব পড়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অভাবে ভোগের রান্নার তালিকায় কাটছাঁট করতে হয়েছে।এই পরিস্থিতিতে এলপিজি সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মুখ খুলেছিলেন। তিনি জানান, কিছু মানুষ অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। তাঁরা আদতে দেশের ক্ষতি করছেন। এরপরই এলপিজি-র আকালে সার্বিক উদ্বেগ নিয়ে শুক্রবার সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This