ওয়েব ডেস্ক : বসিরহাটে (Basirhat) মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘মা ক্যান্টিন’ (MAA Canteen) বন্ধ গত তিন দিন ধরে। তা বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন বহু দৃষ্টিহীন, অসহায় ও দুস্থ অসহায় মানুষ। ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ক্যান্টিনে রান্না বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। ফলে প্রতিদিন যারা এখানে খাবার খেতে আসতেন, তাদেরকে এখন খালি হাতেই ফিরে যেতে বাধ্য হতে হচ্ছে।
বসিরহাট (Basirhat) টাউন হাই স্কুলের পাশেই বসিরহাট পৌরসভার উদ্যোগে এই ক্যান্টিন চালু করা হয়েছিল। শহরের বহু গরিব ও অসহায় মানুষের জন্য এটি ছিল ভরসার জায়গা। প্রতিদিন প্রায় তিনশো মানুষের জন্য এখানে খাবার রান্না করা হতো। মাত্র পাঁচ টাকায় ডিম, ভাত, ডাল ও সবজি দেওয়া হতো, যা অনেক মানুষের দিনের প্রধান খাবার ছিল।
আরও খবর : LPG-র সংকট! মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে ইন্ডাকশন! চাহিদায় শীর্ষে পশ্চিমবঙ্গ?
প্রশ্ন উঠছে কেন বন্ধ রয়েছে ‘মা ক্যান্টিন’ (MAA Canteen)? এ নিয়ে ক্যান্টিনের সুপারভাইজার সুনন্দা পূজারী জানান, ইরান–ইজরায়েল সংঘাতের প্রভাবে এলপিজি গ্যাসের দাম (Gas Price) হঠাৎ বেড়ে যাওয়ায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গ্যাসের জোগান ঠিকমতো না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। বিকল্পভাবে রান্নার কোনও ব্যবস্থাও নেই। তাই বাধ্য হয়েই ক্যান্টিনের রান্না সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। যারা প্রতিদিন এখানে এসে খাবার নিয়ে যেতেন, তারা এসে ফিরে যাচ্ছেন।
অনেকেই জানাচ্ছেন, এই ক্যান্টিনই (MAA Canteen) তাদের জীবন বাঁচিয়ে রেখেছিল। এখন বাধ্য হয়ে কেউ মুড়ি, কেউ বা সামান্য অন্য খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের প্রশ্ন, কবে আবার এই ক্যান্টিন খুলবে এবং কবে আবার পেট ভরে ভাত খেতে পারবেন? ক্যান্টিনের কর্মীরাও এই পরিস্থিতিতে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এতদিন যাদের হাতে করে রান্না করে খাওয়াতেন, সেই মানুষগুলোকে আজ ফিরিয়ে দিতে হচ্ছে। কবে গ্যাসের জোগান স্বাভাবিক হবে এবং কবে আবার ক্যান্টিনে রান্না শুরু হবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে অসহায় মানুষের দুশ্চিন্তা আরও বাড়ছে।
দেখুন অন্য খবর :
