21.8 C
New York

৬০-র বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী, প্রতিনিধি দলে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must Read

কলকাতা: বিশ্বমঞ্চে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে ৬০টিরও বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করল ভারত (India)। লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) উদ্যোগে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লক্ষ্য,  ঐতিহ্যবাহী কূটনীতির পাশাপাশি আইন প্রণয়নভিত্তিক কাঠামোগত সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন দেশের সংসদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

যেসব দেশের সঙ্গে এই বন্ধুত্ব গোষ্ঠী গড়া হয়েছে, তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভুটান, সৌদি আরব, ইজরায়েল, মালদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সংসদ, দক্ষিণ কোরিয়া, নেপাল, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, ওমান, অস্ট্রেলিয়া, গ্রিস, সিঙ্গাপুর, ব্রাজিল, ভিয়েতনাম, মেক্সিকো, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশ।

আরও পড়ুন: ‘রাহুল সরে দাঁড়ান, মমতাই ইন্ডিয়া জোটের নেত্রী’, মণির মন্তব্যে তোলপাড় কংগ্রেস

বিশেষ এই প্রতিনিধি দলে থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল সূত্রে জানা গিয়েছে, সংসদ সচিবালয় ইতিমধ্যেই এ বিষয়ে বার্তা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে গঠিত এই গোষ্ঠীগুলি ভারতীয় গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী চরিত্রকে তুলে ধরবে বলেই মত রাজনৈতিক মহলের।

সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর মূল উদ্দেশ্য, সাংসদদের বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, আইন প্রণয়নের অভিজ্ঞতা বিনিময় এবং নীতিগত আলোচনার ক্ষেত্র তৈরি করা। নিয়মিত মতবিনিময়, স্টাডি ভিজিট, নীতিগত সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য, প্রযুক্তি, উদ্ভাবন, সামাজিক নীতি, সংস্কৃতি ও টেকসই উন্নয়ন-সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে।

এই উদ্যোগকে ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী বহুদলীয় ঐক্যের ধারাবাহিকতা হিসেবেও দেখা হচ্ছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে দলীয় বিভাজন পেরিয়ে একসঙ্গে কাজ করার বার্তাই বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় ভারত— এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

Latest News

এটি গণতন্ত্র নয়, ‘ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না’, আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারিতে মন্তব্য অভিষেকের

কলকাতা: ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে (ED Arrests I-PAC Director) বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন...

More Articles Like This