সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

Must Read

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের কয়েক ঘণ্টার মধ্যেই এবার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ (Police)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির আগে জনপথ-কর্তব্য পথ সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকার কথা।

শুক্রবার সন্ধ্যায় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের দফতর থেকে টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশ পাঠানো হয়। এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএলকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে টেলিযোগাযোগ আইন এবং পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নিয়মের উল্লেখ করা হয়েছে। পুলিশের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সাধারণ মানুষের মোবাইল ইন্টারনেট ব্যবহারে প্রভাব পড়তে পারে।

আরও খবর :  ‘মাছি মারতে হাতুড়ি নয়’, দিল্লিতে পরিবহণে লাগাম টানা নিয়ে প্রশাসনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এর আগে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরনোর গেট বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। পাশাপাশি শনিবার ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন ৬০টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর আগেও সিজেপির প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নজির রয়েছে। জুলাই মাসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যন্তর মন্তরে সংগঠনটির প্রতিবাদের সময় কয়েক দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এবার নিষেধাজ্ঞার আওতা আরও বড় হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সংবাদমাধ্যমের কাজেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার মেট্রো ও রেল পরিষেবায় বিধিনিষেধ নিয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছিল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে সবকিছু বন্ধ করে দেওয়া যায় না। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বিধিনিষেধ আর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তরুণ থেকে প্রবীণ—সকলেরই যাতায়াতের প্রয়োজন রয়েছে। অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, প্রতিবাদ করার অধিকার রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। তার পরে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ।

Latest News

নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন...

More Articles Like This