আগামী বছরই কি ছাত্রভোট? কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। এবার সেই ভোট ফেরানোর বিষয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী বছর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিলেন। শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ডাক্তারি পড়ুয়াদের একটি সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়া উচিত। তাঁর মতে, ছাত্র রাজনীতি থেকেই অনেকের রাজনৈতিক জীবনের শুরু। নিজের কলেজজীবনের কথাও তুলে ধরেন তিনি। শুভেন্দু জানান, পড়াশোনার সময় কলেজে বক্তৃতা দিতে দিতেই তাঁরা রাজনীতির পথে এগিয়েছেন। অনুষ্ঠানে তিনি আরও জানান, এবিভিপির এক পর্যবেক্ষকের সঙ্গে ছাত্রভোট নিয়ে তাঁর কথা হয়েছে। আগামী বছর নির্বাচন করানোর পরামর্শও দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

আরও খবর :  তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কোয়েল মল্লিক

রাজ্যে দীর্ঘদিন ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। করোনা অতিমারির পর নির্বাচন আয়োজন নিয়ে নানা সমস্যা সামনে এসেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়। অনেক জায়গায় ইউনিয়ন রুমও বন্ধ করে দেওয়া হয়। এখনও সেই ঘরগুলির অনেকগুলিই তালাবন্ধ রয়েছে। কয়েক দিন আগে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও ছাত্রভোট ফেরানোর সম্ভাবনার কথা বলেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Latest News

সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম...

More Articles Like This