ওয়েব ডেস্ক: ভোটের আগে কলকাতার নাগরিকদের পুজোর ‘উপহার’ দিল কলকাতা পুরসভা। বকেয়া সম্পত্তি করে জরিমানা ও সুদ মকুব করার সিদ্ধান্ত নিল ছোট লাল বাড়ি। লক্ষ্যমাত্রা প্রায় ৭৮৪ কোটি টাকা আদায়ের বলে জানালেন পুর প্রশাসক স্মিতা পাণ্ডে। ওয়েভার স্কিমেরর এই সিদ্ধান্তকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, নভেম্বর মাসের শেষে কলকাতা পুরসভার ভোটের সম্ভাবনা। শুধুমাত্র পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। তার আগে সম্পত্তি করের সুদের জরিমানার উপরে একেবারে ১০০ শতাংশ ছাড় পাবেন কলকাতা বাসী।
ভোটের আগে সম্পত্তি কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য সুদ ও জরিমানা পুরোটাই মকুব করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স) স্কিম ২০২৬-এর অন্তর্গত এই বাম্পার অফার চালু হচ্ছে শুক্রবার থেকেই বলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন পুর প্রশাসক স্মিতা পাণ্ডে। আগেও ২০২০ সালে এই ধরনের ওয়েভার স্কিম কার্যকর করা হয়েছিল। সে সময় প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।
আরও পড়ুন: ‘দেশ ও বাংলার প্রয়োজনে দিল্লি যাচ্ছি’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জানা গেছে, কলকাতা পুরসভার পক্ষ থেকে এই প্রস্তাব নবান্নে পাঠানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই ঘোষণা পুর প্রশাসকের। ফলে সমস্ত সরকারি ও বেসরকারি এবং ব্যক্তিগত মালিকানার সম্পত্তি এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং সম্পত্তিতে বকেয়া করের উপরে সুদ ও জরিমানায় ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আর যদি কোনও সম্পত্তি বসবাস ও বাণিজ্যিক ক্ষেত্রে একসঙ্গে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সুদের উপরে ৮০ শতাংশ এবং জরিমানায় ৯৯ শতাংশ ছাড় পাওয়া যাবে।
আর সম্পূর্ণ বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে সুদের উপরে ১০০ শতাংশ এবং জরিমানা মুকুবের ক্ষেত্রে ৯৯ শতাংশ ছাড় পাওয়া যাবে। আগামী ৬ মাস পর্যন্ত পাওয়া যাবে এই ছাড়। এছাড়া যদি কেউ কিস্তিতে তার বকেয়া মেটাতে চান, সেই সুযোগও পাওয়া যাবে ৬ মাসের সময়সীমার মধ্যে। ফলে পুজোর আগে কলকাতাবাসীদের জন্য বাম্পার অফার নিয়ে এল কলকাতা পুরসভা।
