ওয়েব ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। সামির জেলকোভিচের একমাত্র গোলে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২তম শিল্ড জিতল সবুজ মেরুন শিবির। গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল তারা, ট্রফি এবারও তাদের। সাম্প্রতিক কালে মোটেই ভালো খেলছিল না প্যানোস ডিমপেরিসের দল। বরং ছুটছিল লাল-হলুদ শিবির, কিন্তু ফাইনালে দেখা গেল অন্য ছবি। বেশি ভালো ফুটবল খেলেই চ্যাম্পিয়ন মেরিনাররা।
সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৭-২ ফলে উড়িয়ে দিয়েছিল আন্তনিয়ো লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল। অন্যদিকে পঞ্জাবের বিরুদ্ধে টাইব্রেকারে বিশাল কাইথের হাতের জোরে জেতে বাগান। ফলে ফাইনালের ডার্বিতে বেশিরভাগই এগিয়ে রেখেছিল মশাল ব্রিগেডকে। কিন্তু কলকাতা ডার্বি কখনোই খাতায়-কলমে হয় না, সেই দিন যে ভালো খেলে তাদের হয়। এদিন মোহনবাগান অনেক ভালো ফুটবল খেলল।
আরও পড়ুন: হঠাৎ উইকেটকিপিং করতে শুরু করলেন যশস্বী, কারণ কী?
ম্যাচের শুরুটা কিন্তু ভালো করেছিল ইস্টবেঙ্গল। একদম শুরুতেই দারুণ সুযোগ আসে, কিন্তু বিশাল কাইথ প্রাচীর হয়ে দাঁড়ান। মিনিট দশেক যেতে খেলা ধরে মোহনবাগান। বেশ খানিকটা কোণঠাসা হয়ে যায় ইস্টবেঙ্গল। ছাংতে, সাহালরা পরপর আক্রমণ করতে থাকে। চাপের মুখে শেষ পর্যন্ত ভাঙল লাল-হলুদ রক্ষণ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ১ মিনিট আগে সাহালের অনবদ্য পাস থেকে গোল করেন জেলকোভিচ।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়াবে ইস্টবেঙ্গল, এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু আধিপত্য দেখাল সেই মোহনবাগান। একেবারে শেষ ১০-১৫ মিনিট রক্ষণাত্মক হয়ে যায় বাগান, সেই সুযোগে আক্রমণে জোর বাড়ায় ইস্টবেঙ্গল। এ সময় কয়েকটা ভালো সুযোগ এসেছিল। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে এবং বিশাল সহ বাগান রক্ষণের তৎপরতায় গোল হয়নি। অবশেষে চ্যাম্পিয়ন সেই মোহনবাগান।
