ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। মঞ্চে দেখা গেল অভিনেতা প্রকাশ রাজকে। এসআইআর বিরোধী স্লোগানে উত্তাল হল ফ্রিডম পার্ক। প্রত্যেকের দাবি একটাই, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা।
বৃহস্পতিবার সকাল থেকেই বেঙ্গালুরুর সব রাস্তা ফ্রিডম পার্কের দিকে। নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী মহল, মহিলা সংগঠন, ককরোচদের ডাকে হাজারো মানুষের জমায়েত। এসআইআর প্রক্রিয়ায় যে ভাবে কোটি কোটি সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তার প্রতিবাদে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি।
মঞ্চ থেকে ককরোচ নেতা অভিজিৎ দিপকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অভিজিতের বক্তব্য, ‘‘বিজেপি এক দেশ এক ভোট চায় না। এক দেশ এক রাজনৈতিক দল চায়।” আর এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করেন অভিজিৎ দিপকে। অভিনেতা এবং সমাজকর্মী প্রকাশ রাজ তাঁর বক্তব্যে নিশানা করেন জ্ঞানেশ কুমারকে। তাঁর বক্তব্য, ‘‘জ্ঞানেশ কুমারের কোনও নিজস্বতা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর নির্দেশ মতোই জ্ঞানেশ কুমার যাবতীয় পদক্ষেপ করে থাকেন।”
আরও পড়ুন: ক্যান্ডি ক্রাশ গেমে বিশ্বরেকর্ড করলেন বিহারের তরুণ
বুধবার রাত দশটা নাগাদ ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিজিৎ দিপকে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। ভিডিয়োয় পরিচয় করিয়ে দেন ইউটিউবার ধ্রুব রাঠির সঙ্গে। তখনই স্পষ্ট হয় বেঙ্গালুরুর বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি। ধ্রুব বলেন, ‘‘গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ৮ অক্টোবর সবাই জড়ো হোন। আর দিল্লিবাসীরা ১০ অক্টোবর যন্তরমন্তরের জমায়েতে যোগ দিতে ভুলবেন না।”
কেন জমায়েত বেঙ্গালুরুতে? ঘোষণা মতো ১০ অক্টোবর নয়া দিল্লির যন্তরমন্তরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ককরোচ জনতা দল। তার আগে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি রেখেছে ককরোচ জনতা পার্টি। শহরে শহরে জনতার দরবার-এর আয়োজন করেছে। যেখানে ভোটার তালিকায় বাদ পড়া সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে পারবেন। ককরোচদের দাবি একটাই, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করতে হবে। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতে হবে। অভিজিৎ দিপকেদের সভার কারণে ফ্রিডম পার্কে আজ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
