থিমের ভিড়ে ব্যতিক্রম মিত্র সম্মিলনী, ১০০ বছরে মণ্ডপেই ফিরছে হারিয়ে যাওয়া শিলিগুড়ির গল্প

Must Read

ওয়েব ডেস্ক : শহরের পুজো মানেই এখন থিমের বৈচিত্র্য, চোখধাঁধানো মণ্ডপ আর নতুনত্বের প্রতিযোগিতা। কিন্তু সেই স্রোতের বাইরে দাঁড়িয়ে মিত্র সম্মিলনী (Mitra Sammilani)। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবে ১৯২৭ সালে শুরু হয়েছিল দুর্গাপুজো (Durga Puja)। দেখতে দেখতে সেই পুজো এবার পা রাখছে শতবর্ষে। আর এই বিশেষ বছরে নতুন কিছু বানানোর বদলে পুরনো শিলিগুড়ির স্মৃতিকেই সামনে আনতে চাইছে পুজো কমিটি।

মিত্র সম্মিলনীর পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শহরের সামাজিক ইতিহাসও। একসময় দূরদূরান্ত থেকে মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে চেপে এখানে পুজো দেখতে আসতেন। পুজোকে ঘিরে বসত আড্ডা, আয়োজন করা হতো নাটক ও যাত্রাপালার। সেই সময়ের মানুষের যাতায়াত, উৎসবের পরিবেশ এবং পুজো ঘিরে শহরের জীবনযাত্রার নানা ছবি এবার মণ্ডপের অলিন্দে জায়গা করে নেবে।

আরও খবর : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা

বিশেষ আকর্ষণ হতে চলেছে পুরনো শিলিগুড়ির টয় ট্রেন। একসময় মিত্র সম্মিলনীর সামনে দিয়েই হিলকার্ট রোড ধরে ছুটে যেত টয় ট্রেন। সময়ের সঙ্গে সেই রেললাইন হারিয়ে গেলেও স্মৃতিতে রয়ে গিয়েছে তার হুইসেল আর ছুটে চলার দৃশ্য। এবার সেই হারিয়ে যাওয়া দৃশ্যই মণ্ডপে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। রাজা-মহারাজাদের আগমন থেকে শুরু করে পুরনো দিনের পুজো দেখতে আসা সাধারণ মানুষ—সব মিলিয়ে মণ্ডপে তৈরি হবে এক টুকরো সেকালের শিলিগুড়ি।

মিত্র সম্মিলনীর সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন, “মিত্র সম্মিলনীর পুজোর সঙ্গে শিলিগুড়ির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পুরনো দিনে এখানে চা-বাগান ও বিভিন্ন এলাকা থেকে মানুষ পুজো দেখতে আসতেন। বহু বিশিষ্ট ব্যক্তি, ঋষি-মনীষীরও এই ক্লাবে আসার স্মৃতি রয়েছে। এমনকী একসময় ইংরেজরাও এই পুজো দেখতে আসতেন। সেই পুরনো দিনের স্মৃতিগুলোকেই এবারের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।”

শতবর্ষে পৌঁছেও অবশ্য পুজোর মূল রীতিতে কোনও বদল আসছে না। মায়ের প্রতিমা থাকবে চিরাচরিত একচালার, বজায় থাকবে প্রথাগত পুজোর নিয়ম। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নির্দিষ্ট তিথি মেনেই চলবে আরাধনা। অষ্টমীর ভোগও থাকবে আগের মতোই অন্যতম আকর্ষণ। তাই মিত্র সম্মিলনীর শতবর্ষের পুজো এবার যেন একইসঙ্গে দেবী আরাধনা এবং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক শহরকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গল্প।

Latest News

পুলিশকর্মীদের নিগ্রহ! রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra)...

More Articles Like This