ওয়েব ডেস্ক : পুজোর মুখে ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টি (Rain) ও বজ্রবিদ্যুতের দাপট দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়েই আবহাওয়ার (Weather) এই প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে হলুদ সতর্কতা জারি রয়েছে।
আরও খবর : ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশ, কেন?
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তের প্রভাবেও রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।এর পাশাপাশি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং উত্তর অভ্যন্তরীণ কর্নাটকের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে।অন্যদিকে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেও ওড়িশা-সহ পূর্ব ও মধ্য ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গেও (North Bengal) দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
