খড়গপুরে প্রকাশ্য রাস্তায় স্কুলছাত্রকে গুলি, গুরুতর জখম ১৫ বছরের কিশোর

Must Read

ওয়েব ডেস্ক: পুজোর মুখে খড়গপুর শহরে প্রকাশ্য রাস্তায় স্কুলছাত্রকে গুলি করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটলমেন্ট, রেল কলোনি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে গুরুতর জখম হয়েছে অক্ষয় ঝা নামে ১৫ বছরের এক কিশোর। ঘটনার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অক্ষয় এক বন্ধুর সঙ্গে বাইকে করে খাবার আনতে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে বাইকে এসে দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় অক্ষয়ের বুকে গুলি লাগে। বাইক থেকে রাস্তায় পড়ে যায় সে। হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে ওই কিশোরকে লক্ষ্য করে হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত কিশোরই হামলাকারীদের মূল নিশানা ছিল, নাকি অন্য কাউকে লক্ষ্য করে চালানো হামলায় সে জখম হয়েছে— সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে মিঠুন, পাবেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা!

প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনও বিরোধ বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার তথ্য সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।

এই ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আহত কিশোরের শারীরিক অবস্থা নিয়ে। কলকাতায় নিয়ে গিয়ে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This