ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লির রাজপথে নামল ইন্ডিয়া জোট (INDIA Bloc)। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনের দিকে মিছিল করেন বিরোধী সাংসদরা। ‘গণতন্ত্র বাঁচাও’, ‘আমার ভোট বাঁচাও’ লেখা পোস্টার ও ব্যানার হাতে নিয়ে কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি জানায় বিরোধী শিবির।
মিছিল নির্বাচন সদনের দিকে এগোতেই নীতি আয়োগের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এরপর সেখানেই রাস্তায় বসে পড়েন বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যারিকেডের উপরে উঠে প্রতিবাদ করতে দেখা যায়। পুলিশি বাধা উপেক্ষা করে আকাশবাণী ভবনের চত্বরের দিকেও এগোনোর চেষ্টা করেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী।
আরও খবর : নির্বাচন সদন যাওয়ার পথেই আটকাল পুলিশ, রাস্তায় বসে পড়লেন রাহুল-অভিষেক-প্রিয়ঙ্কারা
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে একাধিক বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ (Delhi Police)। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল-সহ একাধিক সাংসদকে আটক করা হয়েছে বলে জানা যায়। অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধী নেতারাও এই কর্মসূচিতে ছিলেন। পরে তাঁদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাইয়ের দাবি, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া প্রায় ১৫ হাজার ভোটারের তথ্য তিনি জমা দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই কমিশনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে ইন্ডিয়া জোট।
