লাইসেন্স না থাকলে পশুপাখি বিক্রি নয়! গ্যালিফ স্ট্রিট-সহ রাজ্যের হাটে ব্যবসায়ীদের কড়া বার্তা হাই কোর্টের

Must Read

কলকাতা: বৈধ লাইসেন্স ছাড়া পশুপাখি বিক্রি করা যাবে না। গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটকে ঘিরে মামলার শুনানিতে এমনই কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত ব্যবসায়ীরা পশুপাখি বিক্রি করতে পারবেন না। রাজ্যকে ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত তথ্য যাচাই করে আগামী ১৪ অক্টোবর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে সেখানে কয়েকশো ব্যবসায়ী পশুপাখি বিক্রি করেন। তাঁদের দাবি, বিরল প্রজাতির প্রাণীর কেনাবেচা হয় না। বেআইনি পশুপাখি বিক্রি হচ্ছে কি না, তা নজরদারির জন্য বন দফতরের আধিকারিকদের পুলিশকে সহযোগিতা করার আবেদনও জানানো হয়।

অন্য দিকে, প্রশাসনের আইনজীবীর বক্তব্য, ব্যবসায়ীদের কারও প্রয়োজনীয় লাইসেন্স নেই। আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট লাইসেন্স স্টেট অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে দেওয়া হয়।

ব্যবসায়ীদের পক্ষ থেকে আপাতত রবিবার হাট বসানোর অনুমতি দেওয়ার আবেদন করা হয়। তাঁদের দাবি, পুলিশের তল্লাশি ও অভিযানের কারণে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না।

তবে আদালত জানিয়ে দিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর সুযোগ নেই। লাইসেন্স পাওয়ার পরেই পুলিশ পশুপাখি বিক্রির অনুমতি দিতে পারবে। এর আগে ১৬ সেপ্টেম্বরের শুনানিতেও হাই কোর্ট গ্যালিফ স্ট্রিট-সহ রাজ্যের পশুপাখির বাজারে বেআইনি বন্যপ্রাণী ও সংরক্ষিত পাখির বিক্রি বন্ধে নজরদারির নির্দেশ দিয়েছিল।

এই নির্দেশের জেরে গ্যালিফ স্ট্রিটের দীর্ঘদিনের ‘সখের হাট’ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মাসেও লাইসেন্স সংক্রান্ত কারণে হাটে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।

Latest News

দুপুর ১টা পর্যন্ত রেজিনগরে ও নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল?

ওয়েব ডেস্ক :মঙ্গলবার উপনির্বাচন ঘিরে জমজমাট রেজিনগর (Rejinagar) ও নন্দীগ্রাম (Nandigram)। দুপুর ১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, রেজিনগর বিধানসভা...

More Articles Like This