ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও প্রাক্তন ব্রিটিশ সাংসদ জেফ্রি আর্চার (Jeffrey Archer)। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রকাশক হার্পারকলিন্স জানিয়েছে, সোমবার নিজের বাড়িতেই আচমকা মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময়ও তিনি লেখালিখির কাজ চালিয়ে যাচ্ছিলেন।
পাঁচ দশকের লেখকজীবনে আর্চারের বই বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ‘কেন অ্যান্ড অ্যাবেল’ এবং ‘ক্লিফটন ক্রনিকলস’-এর মতো জনপ্রিয় সিরিজ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তাঁর বহু উপন্যাসে উঠে এসেছে ইংল্যান্ডের সমারসেটের ওয়েলিংটন শহরের নানা প্রেক্ষাপট, যেখানে তাঁর শৈশবের একটি বড় অংশ কেটেছিল।
আরও খবর : সৌরজগতের বাইরের গ্রহ থেকে ধরা পড়ল প্রথম রেডিয়ো সঙ্কেত!
সাহিত্যের পাশাপাশি ব্রিটিশ রাজনীতিতেও ছিল তাঁর দীর্ঘ পথচলা। ১৯৬৯ সালে লিংকনশায়ারের লাউথ কেন্দ্র থেকে কনজারভেটিভ পার্টির সাংসদ নির্বাচিত হন আর্চার(Jeffrey Archer)। প্রায় পাঁচ বছর সাংসদ থাকার পর দলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বও সামলান। তবে ২০০১ সালে মিথ্যাচার ও বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পান তিনি। ২০০৩ সালে মুক্তির পর ফের হাউস অফ লর্ডসে সক্রিয় হন এবং ২০২৪ সালে অবসর নেন।
মৃত্যুর কয়েক দিন আগেও পাঠকদের সঙ্গে দেখা করেছিলেন আর্চার (Jeffrey Archer)। রবিবার লন্ডনের লেস্টার স্কোয়ার থিয়েটারে নিজের শেষ উপন্যাস ‘অ্যাডাম অ্যান্ড ইভ’-এর প্রচারে অংশ নিয়ে ভক্তদের বইয়ে স্বাক্ষর করেন তিনি। প্রকাশকের তরফে জানানো হয়েছে, তাঁর শেষ বইটি এই সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা। ব্রডকাস্টার গাইলস ব্র্যান্ডরেথ জানিয়েছেন, অনুষ্ঠানে আর্চার প্রাণবন্ত ছিলেন এবং জানিয়েছিলেন, এই উপন্যাসটিই তাঁর শেষ বই হতে চলেছে। স্ত্রী মেরির সঙ্গে এ বছর ৬০ বছরের বিবাহবার্ষিকীও পালন করেছিলেন তিনি। তাঁদের দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রয়েছে।
