ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই উপনির্বাচন (By poll) ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই সুভানি চক এলাকায় একাধিক অভিযোগ সামনে আসে। এক মহিলাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আরও কয়েকজন মহিলা ভোটারও ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন মহিলা ভোটারের অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁদের কাছ থেকে জোর করে ভোটার স্লিপ নিয়ে নেওয়া হয়। এরপর ভোট না দিয়েই তাঁদের ফিরে যেতে হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগের সত্যতা ও ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর : সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল নন্দীগ্রাম ও রাজিনগরে?
নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রের ১৯৩ নম্বর বুথ নিয়েও নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। দলের প্রার্থী মিলন প্রধানের নির্বাচনী এজেন্ট সুব্রত মহাপাত্রের দাবি, ওই বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। ইমেলের মাধ্যমে কমিশনের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে রেজিনগর (Rejinagar) কেন্দ্রেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ভোট দিতে যাওয়া কয়েকজনের আঙুলে কালি লাগিয়ে তাঁদের ভোট না দিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভোটারদের। একের পর এক অভিযোগ ঘিরে দুই কেন্দ্রেই ভোটের পরিবেশ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।
