জ্ঞানেশ-ইস্যুতে উত্তপ্ত দিল্লি, মকরদ্বারে INDI ব্লকের সাংসদদের জমায়েত, প্রস্তুত পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের (Election Commission) দফতর অভিমুখে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সাংসদদের মিছিল ঘিরে মঙ্গলবার দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদের মকরদ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বচন সদন পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নিজেদের দাবি জানাতে এই কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি।

মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনের (Election Commission) দফতরের বাইরে একাধিক স্তরে ব্যারিকেড বসানো হয়েছে। বিজয় চক-সহ দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদেরও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরও খবর :  সীতারামনের বক্তৃতায় বিশৃঙ্খলা, ‘জনগণ ক্ষিপ্ত’ বলল কংগ্রেস 

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন, বিরোধী দলের সাংসদরা শান্তিপূর্ণ ভাবে সংসদ থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করবেন। সকাল সাড়ে ১০টার মধ্যে মকরদ্বারে সাংসদদের জড়ো হওয়ার কথা এবং বেলা ১১টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

এই কর্মসূচিতে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) একাধিক দলের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা জানিয়েছেন। বিজু জনতা দলও মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছে। তবে আম আদমি পার্টি এই কর্মসূচিতে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে। দলের সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, তাঁদের দল নিজেদের মতো করে এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাবে।

এসআইআর প্রক্রিয়া এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই মূলত বিরোধীদের এই আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে বিরোধী শিবির। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার দাবি জানানো হয়েছে।

ভোটার নথিভুক্তির গুরুত্বপূর্ণ নথি ফর্ম ৬-এ পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ওই ফর্মে বেআইনি ভাবে একতরফা পরিবর্তন করেছেন। নির্বাচন কমিশন অবশ্য তাঁর অভিযোগকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। এদিকে ফর্ম ৬-এ পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্টও বিষয়টি খতিয়ে দেখছে। আদালত স্পষ্ট করেছে, সংশোধিত ফর্ম ৬-কে তারা অনুমোদন করেনি এবং নির্বাচন কমিশনের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের এই মিছিলকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।

Latest News

৮৬ বছর বয়সে প্রয়াত জেফ্রি আর্চার, শেষ হল কিংবদন্তি লেখকের দীর্ঘ সাহিত্যযাত্রা

ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও প্রাক্তন ব্রিটিশ সাংসদ জেফ্রি আর্চার (Jeffrey Archer)। বয়স হয়েছিল ৮৬...

More Articles Like This