ওয়েব ডেস্ক : রাত পোহালেই নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনওরকম অশান্তি বা রাজনৈতিক অস্থিরতা যাতে ভোটের পরিবেশকে প্রভাবিত করতে না পারে, সেজন্য দুই কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।
নন্দীগ্রামে (Nandigram) মোট ৩২৩টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৭৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৬০০ থেকে ৭০০ জন রাজ্য পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। নন্দীগ্রামে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন।
রেজিনগরেও (Rejinagar) নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। এই কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। ২৮২টি মূল বুথের পাশাপাশি রয়েছে ৩৩টি সহায়ক বুথ। প্রতিটি বুথে ভোটার অ্যাসিসট্যান্স বুথ রাখা হয়েছে। মহিলা ভোটারদের জন্য ১৫৮ ও ১৫৯ নম্বর বুথকে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল বুথ হিসেবে তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন জমা রাখার জন্যও প্রতিটি বুথে ডিপোজিট ব্যাগ রাখা হয়েছে।
আরও খবর : বর্ষা বিদায়ের মুখেও বৃষ্টির দাপট, সপ্তাহভর ভিজতে পারে বাংলা
রেজিনগরের নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। পাশাপাশি দায়িত্বে থাকছেন ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী। তাঁদের মধ্যে ১৪৪ জন অফিসার এবং ৬৭৫ জন কনস্টেবল।প্রশাসনের যৌথ সমীক্ষায় রেজিনগরে ১৯টি স্পর্শকাতর এলাকা এবং ২২৯টি ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়মিত রুট মার্চ এবং এরিয়া ডমিনেশন। ভোট সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ১৯৫০ টোল ফ্রি হেল্পলাইনেও ২৪ ঘণ্টা পরিষেবা চালু রয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, জাতীয় অভিযোগ পোর্টাল ও কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া পাঁচটি অভিযোগেরই ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি হয়েছে। সি-ভিজিল অ্যাপে জমা পড়া ৩৫টি অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টে থেকে ভোট গ্রহণ শুরু হবে। ৯ অক্টোবর ভোটের ফলাফল।
