ওয়েব ডেস্ক: প্রায় ১০ বছর পর কলকাতা শহরে এলেন দিয়েগো ফোরল্যান। মার্কি খেলোয়াড় হিসেবে আইএসএল-এ মুম্বই সিটির হয়ে খেলতে এসেছিলেন, এখন তাঁর ভূমিকা অন্য। এখন তিনি উরুগুয়ের জাতীয় দলের কোচ। ভারতীয় ফুটবলকে কিছুটা হলেও চেনেন, জানেন, বোঝেন কিংবদন্তি ফুটবলার। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে উন্নতি হতে পারে ভারতীয় ফুটবলের। উত্তরে তিনি সাফ জানালেন, শিকড় শক্ত করতে হবে।
ফোরল্যান বলেন, “বিষয়টা সহজ নয়। একেবারে গোড়া থেকে ভিত শক্ত করে তুলতে হবে। অ্যাকাডেমি, তরুণ খেলোয়াড় এবং শিশুদের প্রচুর পরিমাণে খেলতে হবে। যদি আরও বেশি অ্যাকাডেমি গড়ে তোলা যায়, তবে লিগ ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। এর ফলে নিশ্চিতভাবেই আরও বেশি এবং আরও ভালো মানের খেলোয়াড় উঠে আসবে।”
আরও পড়ুন: অপ্রতিরোধ্য রোনাল্ডো-হীন পর্তুগাল, ফের হারাল হালান্ডের নরওয়েকে
ব্রাজিলের বিরুদ্ধে ভারতের খেলা মাঠে বসেই দেখেছেন উরুগুয়ের কোচ। সে ম্যাচের শুরুর দিকে ভালোই লড়াই দিচ্ছিল খালিদ জামিলের দল। সেটা চোখ এড়ায়নি ফোরল্যানের। তিনি বলেন, “কিছু কম্বিনেশন এবং কিছু তরুণ ও ভালো খেলোয়াড়কে দেখা গেল। তাদের যদি পর্যাপ্ত সময় ও জায়গা দেওয়া হয়, তবে তারা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং দারুণ খেলতে পারে।”
ব্রাজিল ম্যাচে ভারতের আক্রমণভাগের চোখ টেনেছিলেন রায়ান উইলিয়ামস। পাশাপাশি মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদও ভালো ভালো কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত নিজেদের ভুলেই নতিস্বীকার করতে হয়েছে ভারতকে। সেদিনের খেলা থেকে তিনটে শিক্ষা অবশ্যই পেয়েছেন মনবীররা— বল বেশিক্ষণ পায়ে রাখা যাচ্ছে না, ভুল করলে তার দ্রুত শাস্তি (গোল) হচ্ছে এবং মনোসংযোগে সামান্য ব্যাঘাত ঘটলেই খেলা ঘুরে যাবে।
