পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১৪ হাজারের বেশি নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজোর আগে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে কর্মসংস্থান, পুলিশ, শিক্ষা এবং অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানান তিনি।

সবচেয়ে বড় ঘোষণা এসেছে সরকারি নিয়োগের ক্ষেত্রে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে। বনদফতর, দমকল, কারা দফতর, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর-সহ একাধিক সরকারি বিভাগে এই নিয়োগ হবে। যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আরও খবর : উড়ান ২.০ প্রকল্পের সঙ্গে জুড়ল পশ্চিমবঙ্গ

পুজোর আগে কর্মবন্ধুদের জন্যও সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সাফাইকর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন অস্থায়ী কর্মীদের। পুলিশ ব্যবস্থাতেও একাধিক নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন রাজ্য পুলিশের জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর চালু করা হবে। একই দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিভিন্ন থানার হাতে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি বাইক তুলে দেওয়া হবে।এর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার নতুন নিয়োগপ্রাপ্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মাসিক বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর কথাও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য অবিবাহিত মহিলারা তিন বছর ধরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।

Latest News

এভারেস্টের জিরে গুঁড়োয় নির্ধারিত সীমার বেশি কীটনাশক! নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে তুলল FSSAI

নয়াদিল্লি: রান্নাঘরে ব্যবহৃত এভারেস্টের জিরে গুঁড়ো নিয়ে সতর্কতা। পরীক্ষায় নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এভারেস্ট...

More Articles Like This