ওয়েব ডেস্ক : উড়ান ২.০ (UDAN 2.0) প্রকল্পের সঙ্গে যুক্ত হল বাংলা (West Bengal)। সোমবার পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হল। আগামী ১০ বছরে দেশে ১০০টি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। তার মধ্যে চারটি বিমানবন্দর তৈরি হবে পশ্চিমবঙ্গে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নায়ডু (K Ram Mohan Naidu) জানিয়েছেন, রাজ্যের চারটি জায়গায় নতুন সিভিল বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এবং পুরুলিয়ার ছররাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই বিমানবন্দরগুলিতে ন্যারো-বডি বিমান চলাচলের উপযোগী পরিকাঠামো তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল থেকে রাজ্যের অন্যান্য প্রান্তে বিমান যোগাযোগ আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু নতুন বিমানবন্দর নয়, রাজ্যের বিদ্যমান বিমানবন্দরগুলির পরিকাঠামো উন্নয়নের উপরও জোর দিচ্ছে কেন্দ্র (Central Government)। বাগডোগরা বিমানবন্দরে নতুন টার্মিনাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা-সহ রাজ্যের অন্যান্য বিমানবন্দরের পরিকাঠামো আরও উন্নত করার কথাও বলা হয়েছে। মুম্বইয়ের মতো কলকাতার ক্ষেত্রেও ভবিষ্যতে আরও একটি বিমানবন্দরের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। ফলে কলকাতার দ্বিতীয় বিমানবন্দর তৈরির সম্ভাবনা নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। বিশেষ করে ইউরোপের বিভিন্ন গন্তব্যে আরও সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর পাশাপাশি বেহালা ফ্লাইং ক্লাবের পরিকাঠামো ব্যবহার করে বিমান প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও উন্নয়নের পরিকল্পনার কথাও উঠে এসেছে।
