১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! কলকাতা-ওড়িশায় একসঙ্গে ইডির হানা

Must Read

ওয়েব ডেস্ক : হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণার (Bank Fraud) অভিযোগের তদন্তে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) ও ওড়িশার (Odisha) একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। কলকাতার বড়বাজার, পোস্তা-সহ মোট ৯টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে ওড়িশার বিভিন্ন জায়গাতেও তদন্তকারীরা অভিযান চালাচ্ছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়েছিল। অভিযোগ, সেই বিপুল ঋণের অর্থের একটি বড় অংশ বেআইনিভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। ঋণের টাকা কীভাবে এবং কোন পথে সরানো হয়েছিল, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

আরও খবর : দুষ্কৃতীদের আরও ভয় পাওয়াতে হবে, দিল্লি পুলিশকে বলল সুপ্রিম কোর্ট

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওড়িশা থেকে কলকাতাতেও ওই অর্থের একটি অংশ বেআইনিভাবে সরানো হয়ে থাকতে পারে। সেই কারণেই কলকাতার একাধিক ব্যবসায়িক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে ইডির নজরের মূল কেন্দ্র ওড়িশায় থাকা সংশ্লিষ্ট সংস্থার অফিস এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানা।

এই মামলায় এর আগে কলকাতার বড়বাজার ও পোস্তা এলাকায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার একই আর্থিক প্রতারণার সূত্র ধরে তদন্তে নামল ইডি (ED)। ঋণের অর্থ কোথায় গিয়েছে, কোন কোন ব্যক্তি বা সংস্থার মাধ্যমে তা ঘোরানো হয়েছে এবং এর পিছনে আর্থিক লেনদেনের কী চক্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইডির স্ক্যানারে রয়েছেন ওই বিদ্যুৎ সংস্থার একাধিক উচ্চপদস্থ আধিকারিকও। তল্লাশিতে পাওয়া নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন আধিকারিকরা।

Latest News

মেডিসিনে নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন, কারা জানেন?

ওয়েব ডেস্ক: এ বছরের ফিজিয়োলজি বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। এই বিভাগে এবার নোবেল...

More Articles Like This