ওয়েব ডেস্ক : দীর্ঘদিন রেশন দোকান থেকে খাদ্যশস্য বা অন্য কোনও পণ্য নেননি? তাহলে আপনার রেশন কার্ড (Ration Card) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ‘সাইলেন্ট’ রেশন কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হতে পারে। আগামী ১ অক্টোবর থেকে এই কার্ডগুলি সাময়িকভাবে অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের হিসাব অনুযায়ী, যে সমস্ত রেশন কার্ডে (Ration Card) টানা ছ’মাস বা তার বেশি সময় ধরে কোনও রেশন তোলা হয়নি, সেগুলিকে ‘সাইলেন্ট’ কার্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া কার্ডগুলির পাশাপাশি মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া উপভোক্তা এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদেরও তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য রয়েছে এই প্রক্রিয়ার।
আরও খবর : বাথরুমের জলের ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই ভাই-বোনের!
তবে রেশন কার্ড (Ration Card) নিষ্ক্রিয় হয়ে গেলেই সুবিধা পুরোপুরি শেষ হয়ে যাবে না। সূত্রের খবর, ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ই-কেওয়াইসির মাধ্যমে কার্ড পুনরায় সক্রিয় করার সুযোগ দেওয়া হতে পারে। অর্থাৎ প্রকৃত উপভোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের তথ্য যাচাই করিয়ে ফের রেশন পরিষেবা চালু করতে পারবেন।
এই প্রক্রিয়ায় ভোটার কার্ড, আধার এবং গণবণ্টন ব্যবস্থার তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে একই ব্যক্তির একাধিক তথ্য, মৃত উপভোক্তা কিংবা এমন কার্ডধারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, যাঁরা রেশন ব্যবস্থা থেকে কোনও সুবিধা নেন না। সরকারি পরিষেবা পাওয়ার জন্য রেশন কার্ড তৈরি করা হলেও যাঁরা নিয়মিত পিডিএসের মাধ্যমে রেশন নেন না, তাঁদের কার্ডও এই যাচাইয়ের আওতায় আসতে পারে।
