ওয়েব ডেস্ক : ভেজাল মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হল নাগাল্যান্ডে (Nagaland)। গত দু’দিনে মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু (Death) হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরই ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে।
নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি তদন্ত করবে। মৃতদের মৃত্যুর কারণ এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ ব্যবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু সূত্র পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
আরও খবর : সিকিমে প্রবল বৃষ্টি ও ধস, এক গ্রামেই ক্ষতিগ্রস্ত ৩০ বাড়ি, উত্তরবঙ্গেও বিপর্যস্ত যোগাযোগ
মৃত্যুর ঘটনার পর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ (Police)। এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৩ হাজার বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।
১৯৯০ সাল থেকেই নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ করার আইন চালু রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষকে অচেনা, লেবেলবিহীন বা সন্দেহজনক মদ পান না করার পরামর্শ দিয়েছে। মদ খাওয়ার পর মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অচেতন হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
