‘আপনার কবর আপনিই খুঁড়েছেন’! টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে, তদন্তে হস্তক্ষেপ নয়

Must Read

কলকাতা: আরও বিপাকে বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। একই সঙ্গে এফআইআর খারিজের আবেদনও খারিজ হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

 

শুনানিতে টুলুর আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “আপনার কবর আপনিই খুঁড়েছেন।” মামলায় তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করে দিয়েছে হাই কোর্ট।

তদন্তকারীদের তরফে আদালতে জানানো হয়েছে, মামলার তদন্তে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং বিভিন্ন বৈদ্যুতিন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছে না আদালত। টুলুর বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যেই এগিয়েছে বলেও আদালতে জানানো হয়।

এর আগে গত ৩০ জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিউড়ি আদালত। তাঁকে ৭ অগস্টের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টুলু হাজির না হওয়ায় পরবর্তী পদক্ষেপ করে নিম্ন আদালত।

অভিযোগ, ১০ অগস্ট তাঁকে ‘ঘোষিত অপরাধী’ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ১৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফেও টুলুর এখনও অধরা থাকার বিষয়টি আদালতে জানানো হয়েছে। টুলু মণ্ডলকে ঘিরে চলা মামলায় ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সিউড়ি মহকুমা ভূমিভূমি সংস্কার দফতরের এক হেড ক্লার্কও রয়েছেন।

এর আগে টুলুর বিভিন্ন সংস্থানে তল্লাশিতে বিপুল নগদ ও সোনা উদ্ধারের কথা তদন্তকারীদের তরফে জানানো হয়েছিল। তবে এই সমস্ত অভিযোগ ও তদন্তের বিষয় এখনও বিচারাধীন।

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This