ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বড় পরিবর্তনের ইঙ্গিত। বিসিসিআইয়ের (BCCI) পুরুষ দলের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অজিত আগরকর (Ajit Agarkar)। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগরকর ইতিমধ্যেই বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই পদে থাকতে চান না। তাঁর বর্তমান মেয়াদ আগামী ৪ অক্টোবর শেষ হওয়ার কথা।
বিসিসিআইয়ের (BCCI) ৯৫তম বার্ষিক সাধারণ সভায় আগরকরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডের পদাধিকারীদের অনুমোদন দেওয়া হয়েছিল। সভার পর বিসিসিআইয়ের এক কর্তা জানান, নির্বাচক কমিটি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পদাধিকারীদের দেওয়া হয়েছে। এর পরই আগরকর সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করায় নতুন চিফ সিলেক্টর খোঁজার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে বোর্ড।
আরও খবর : তিন গোল খেল চেলসি, শীর্ষস্থান ধরে রাখার লড়াই আর্সেনালের
২০২৩ সালের জুলাইয়ে সিনিয়র পুরুষ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আগরকর (Ajit Agarkar)। তাঁর মেয়াদে ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। একই সময়ে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজয়ের মতো ফলও এসেছে।
এদিকে সিনিয়র নির্বাচক কমিটির পাশাপাশি জুনিয়র নির্বাচক কমিটির পাঁচটি পদও পূরণ করতে চলেছে বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, জুনিয়র নির্বাচক পদে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদন বাছাই করে ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার লক্ষ্য রয়েছে।
